কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষা মানুষের শরীর, মন ও আত্মার উন্নয়ন ঘটায় এবং একজন ভালো চরিত্রের মানুষ হিসেবে গড়ে তোলে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি কুরআন শিক্ষা, নৈতিকতা ও চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, জ্ঞান ও শিক্ষার সঙ্গে নৈতিকতা ও চরিত্র না থাকলে সেই শিক্ষা সমাজ ও রাষ্ট্রের প্রকৃত কল্যাণে যথাযথ ভূমিকা রাখতে পারে না। তাই শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি উত্তম চরিত্র, সততা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে। বাংলাদেশের প্রয়োজন এমন শিক্ষিত মানুষ, যারা জ্ঞান ও দক্ষতার পাশাপাশি সৎ, নৈতিক ও দায়িত্বশীল হবে। শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এমন প্রজন্ম গড়ে তুলতে হবে, যারা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, পরিশ্রম ও নৈতিক জীবনযাপনের আহ্বান জানান। তিনি দ্য সানরাইজ ইংলিশ মিডিয়াম ক্যাডেট হাই স্কুলের শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
শনিবার দুপুরে গোদাগাড়ী উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহীর গোদাগাড়ীতে দ্য সানরাইজ ইংলিশ মিডিয়াম ক্যাডেট হাই স্কুলের আয়োজনে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা, ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি ড. মো. ওবায়দুল্লাহ, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সুজন মিঞা এবং সানরাইজ ইংলিশ মিডিয়াম ক্যাডেট হাই স্কুলের পরিচালক মোসা. জান্নাতি খাতুন।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অধ্যাপক মুজিবুর রহমান শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, প্রতিষ্ঠানের সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

