স্থানীয় সরকার নির্বাচনে দলের জন্য দীর্ঘদিন ধরে ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে থাকা নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
তিনি বলেন, ‘দলের দুঃসময়ে যারা মাঠে থেকে নেতাকর্মীদের পাশে ছিলেন, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। আগামী স্থানীয় নির্বাচনে যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাকর্মীদের গুরুত্ব দিয়ে প্রার্থী নির্বাচন করা প্রয়োজন।’
মঙ্গলবার বিকেলে বাগেরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শুধু পদ-পদবি নয়, জনগণের সঙ্গে যাদের নিবিড় সম্পর্ক রয়েছে এবং যারা দলের কঠিন সময়ে রাজপথে ভূমিকা রেখেছেন, স্থানীয় নির্বাচনে তাদের মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্যসচিব মোজাফফর রহমান আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম মুজিবুর রহমান, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন ও জেলা ছাত্রদলের সভাপতি আবুর রহমান রাসেল। এছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

