কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার একটি হোটেল বারে মদ পানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নাজিবুল হক রাশেদ নামে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষের একপর্যায়ে ভাঙা গ্লাসের আঘাতে তার গলা কেটে যায় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঝাউতলা এলাকার রেনেসাঁ হোটেলের বারে এ ঘটনা ঘটে।
নিহত নাজিবুল হক রাশেদ শহরের মধ্যম নুনিয়াছড়া এলাকার মরহুম জয়নাল আবেদীন বহদ্দারের ছোট ছেলে।
এ ঘটনায় শহরের রুমালিয়ারছড়া এলাকার সোলাইমান ওরফে সালমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাশেদসহ কয়েকজন যুবক রেনেসাঁ হোটেলের বারে বসে মদ পান করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে তর্কাতর্কি ও ঝগড়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় সংঘর্ষে জড়িত যুবকদের কয়েকজন বাইরে থেকে আরও লোকজন ডেকে আনেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সংঘর্ষের সময় এক যুবকের হাতে থাকা ভাঙা গ্লাসের আঘাতে রাশেদের গলা কেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সোলাইমান ওরফে সালমান নামে একজনকে আটক করে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থলটি অনুমোদনবিহীন মদের বার হিসেবে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
তবে পুলিশের বক্তব্যের সঙ্গে ভিন্নমত জানিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। ব্যবস্থাপক ফয়েজুল হক দাবি করেন, তাদের বৈধ লাইসেন্স রয়েছে এবং সেটি আগামী ২০২৭ সালের জুন পর্যন্ত নবায়ন করা আছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

