চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর রুমন আলী নামে এক অটোচালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার পিঠালীতলা-পুঠিমারী বিল এলাকার একটি আখ ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় জানায়, গত ২১ আগস্ট পাইলিং মোড় এলাকা থেকে অটোরিকশাসহ রুমন আলীকে অপহরণ করে অসীম ও তার সহযোগীরা।
বুধবার রাতে আখ ক্ষেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন কৃষক একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলিত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত রুমন আলীর পরিবারের সদস্য ও স্বজনরা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, আখ ক্ষেত থেকে অটোচালক রুমন আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপহরণের ঘটনায় থানায় মামলা দায়েরের পর মূলহোতা অসীমসহ তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

