সাইবার হামলার ঘটনায় যুক্তরাজ্যের ম্যানচেস্টার, লন্ডন স্ট্যানস্টেড ও ইস্ট মিডল্যান্ডস বিমানবন্দরের প্রায় ৮৭ লাখ গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দরগুলোর পরিচালনাকারী প্রতিষ্ঠান ম্যানচেস্টার এয়ারপোর্টস গ্রুপ (এমএজি)।
যুক্তরাজ্যের সবচেয়ে বড় বিমানবন্দর পরিচালনাকারী এই গ্রুপ জানিয়েছে, অননুমোদিত একটি তৃতীয় পক্ষের সাইবার হামলার শিকার হয়েছে তারা।
এমএজির এক মুখপাত্র বলেন, ‘ম্যানচেস্টার, স্ট্যানস্টেড ও ইস্ট মিডল্যান্ডস বিমানবন্দরে গাড়ি পার্কিং, লাউঞ্জ ও ফাস্ট ট্র্যাক বুকিং এবং বিমানবন্দরের ওয়াই-ফাই সাইন-আপসংক্রান্ত কিছু গ্রাহক তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে।’
হ্যাকারদের হাতে পড়া তথ্যের মধ্যে ই-মেইল ঠিকানা, ফোন নম্বর, গাড়ির নিবন্ধন নম্বর এবং পোস্টকোড রয়েছে। তবে গ্রাহকদের ব্যাংক হিসাব বা অর্থ পরিশোধসংক্রান্ত কোনো তথ্য ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এমএজি আরও জানিয়েছে, সাইবার হামলার কারণে বিমানবন্দরগুলোর স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


