প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২ বৃক্ষরোপণ করলেন ছাত্রদল নেতা বাসিত

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২ বৃক্ষরোপণ করলেন ছাত্রদল নেতা বাসিত
বৃক্ষরোপণ কর্মসূচিতে কাজী জিয়াউদ্দিন বাসিত।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে ৬২টি বৃক্ষরোপণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শুক্রবার ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে এ কর্মসূচি পালন করেন তিনি।

বিজ্ঞাপন

বৃক্ষরোপণ কর্মসূচিতে কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে ৬২টি বৃক্ষরোপণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে আহ্বান প্রধানমন্ত্রী জানিয়েছেন, সেই লক্ষ্য বাস্তবায়নে ছাত্রদল সব সময় বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে আজ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে। এর মধ্যে ফলদ গাছও রয়েছে। এসব গাছ একদিন বড় হবে, ফল দেবে এবং মানুষ সেই ফল ভোগ করতে পারবে। একই সঙ্গে বৃক্ষগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সফলতা কামনা করে কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশের জন্য এবং দেশের মানুষের কল্যাণে নেক হায়াত দান করেন। তাকে সুস্বাস্থ্য, সফলতা ও দীর্ঘায়ু দান করেন। বিশ্বের বুকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার নেতৃত্ব যেন আল্লাহ কবুল করেন।

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহ, মায়া-মমতা ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে আমরা প্রত্যাশা করি। আগামী দিনের সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তার ভূমিকা ও নেতৃত্ব দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে।

এ সময় নেতাকর্মীরা ‘শুভ শুভ শুভ দিন, তারেক রহমানের জন্মদিন’ স্লোগান দেন এবং প্রধানমন্ত্রীর জন্মদিনে লাল গোলাপ শুভেচ্ছা জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...