আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

একটি দল বাংলাদেশকে জাহেলিয়া যুগে নিতে চায়: জেরিন খান

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

একটি দল বাংলাদেশকে জাহেলিয়া যুগে নিতে চায়: জেরিন খান

বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেছেন, একটা নষ্ট গাড়িকে মেরামত করা যায়, একজন নষ্ট মানুষকেও ভালো করা যায়। কিন্তু নষ্ট দলকে মেরামত করা যায় না—সেই নষ্ট দলটি হলো জামায়াত। এই দল বাংলাদেশকে আইয়ামে জাহেলিয়া যুগে নিয়ে যেতে চায়।

শনিবার বিকেলে মাদারীপুর–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়ার সমর্থনে রাজৈর পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

জনসভায় সভাপতিত্ব করেন ওহাব আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া। বক্তব্য দেন- মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবীরসহ অন্যান্য রাজৈর উপজেলা নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজৈরসহ পুরো আসন উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তারা।

জাহান্দার আলী মিয়া বলেন, ত্রিশ লাখ শহীদের রক্তে রঞ্জিত ও মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে পাকিস্তানি দোসরদের হাত থেকে রক্ষা করতে হবে।

আয়োজকদের দাবি, জনসভায় প্রায় ৬ হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ছিল।

সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল মিছিল বের করা হয়, যা রাজৈর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ধানের শীষে ভোট চেয়ে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন