বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও আইন কমিশনের সাবেক সদস্য ড. এম এনামুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
৮৮ বছর বয়সি এই প্রবীণ কর্মকর্তা কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক রুশদ হকের পিতা এবং প্রধান উপদেষ্টার উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা। বিএনপির মিডিয়া সেল থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
রাজশাহীর গোদাগাড়ীতে জন্ম নেওয়া ড. এনামুল হক ১৯৬৪ সালে পুলিশ ক্যাডারে যোগ দেন। কর্মজীবনে তিনি ডিএমপি কমিশনার, পুলিশ একাডেমির অধ্যক্ষ ও পরবর্তীতে আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪-২০০৭ মেয়াদে তিনি আইন কমিশনের সদস্য ছিলেন। আমেরিকা থেকে পিএইচডি ডিগ্রিধারী এই গুণী ব্যক্তি ২০০৮ সালের নির্বাচনে রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। তার ভাই প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক সাবেক মন্ত্রী এবং অন্য ভাই নেসকোর বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টায় গোদাগাড়ীতে পারিবারিক কবরস্থানে সাবেক এই পুলিশপ্রধানকে সমাহিত করা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

