বরিশালে বিভাগীয় তথ্য কমপ্লেক্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

বরিশালে বিভাগীয় তথ্য কমপ্লেক্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তথ্য ভবনের মূল্য বৈশ্বিক মানদণ্ডে নিতে চায় সরকার। এ জন্য ভবনের অবকাঠামোগত মূল্যমানের পাশাপাশি এর ব্যবহারিক উপযোগিতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার দুপুরে বরিশাল নগরীর কাশিপুরে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী আরও বলেন, প্রযুক্তির সক্ষমতা কোনো ভবন, মুঠোফোন কিংবা এর দামের ওপর নির্ভর করে না। এর প্রকৃত সক্ষমতা নির্ভর করে ব্যবহারিক মূল্যের ওপর। তথ্য কমপ্লেক্সের কার্যক্রম জেলা ও উপজেলা পর্যায়েও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে।

তিনি বলেন, এই কমপ্লেক্সে একটি ডিজিটাল লাইব্রেরি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। জ্ঞান আহরণের ক্ষেত্রে এই তথ্য কমপ্লেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মন্ত্রী বলেন, এক সময় সারা দেশে প্রায় ১ হাজার ১০০টি সিনেমা হল ছিল। এখন টিকে আছে মাত্র ১৪০টি। এর অন্যতম কারণ হলো, বর্তমানে নির্মিত সিনেমাগুলো সিঙ্গেল স্ক্রিনের জন্য উপযোগী নয়। তথ্য কমপ্লেক্সে আধুনিক স্ক্রিনের সুবিধা থাকবে বলেও জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, সরকারের মেগা প্রকল্পের মূল্য শুধু ভবন বা সড়ক নির্মাণে নয়, বরং প্রকৃত মূল্য নির্ধারিত হবে জনগণ কতটা উপকৃত হলো তার ওপর।

অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৭ কোটি টাকা ব্যয়ে ৭ তলাবিশিষ্ট এই বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সটির নির্মাণকাজ ২০২৩ সালে শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের প্রায় তিন বছর পর রবিবার আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন