আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদি নন, আসছেন ওম বিড়লা

আমার দেশ অনলাইন

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদি নন, আসছেন ওম বিড়লা
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। ছবি: আমার দেশ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান আমন্ত্রণ পেয়েছেন। তবে পূর্বনির্ধারিত আন্তর্জাতিক কর্মসূচির কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবর্তে দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।

রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ওম বিড়লা যোগ দেবেন।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে লোকসভার স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে দৃঢ় ও স্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। একই সঙ্গে এটি দুই দেশের বিদ্যমান গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের নিদর্শন।

অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত সরকার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নির্বাচিত সরকারে ফেরাকে স্বাগত জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ জনগণের বিপুল সমর্থন লাভ করেছে। সূত্র: বাসস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন