জামায়াতে ইসলামীকে কঠোর হুঁশিয়ারি দিয়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেছেন, রেডি হয়ে যাও জামায়াতে ইসলাম। পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা, তোমাদেরকে পাকিস্তানে পাঠানো হবে।
রাজনৈতিক সমাবেশে দেওয়া বক্তব্যে জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করে তিনি এসব কথা বলেন।
পাপিয়া বলেন, নির্বাচিত সরকারকে আজ পাশে বোর্ডিং পাস দেখাও, লন্ডন দেখাও, ভিসা দেখাও। আমরাও বলি—রেডি হয়ে যাও জামায়াত ইসলাম, পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা। তোমাদেরকে পাকিস্তানে পাঠানো হবে, বোর্ডিং পাস ঠিক করো।
তিনি আরো বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে যে শক্তি দেশের বিরোধিতা করেছিল, তারা কখনো এ দেশের বীর বা নায়ক হতে পারে না। আর মুক্তিযোদ্ধাদের প্রজন্ম কখনোই দেশছাড়া হবে না।
জামায়াতকে রাজনৈতিক ও আদর্শিকভাবে আক্রমণ করে তিনি বলেন, খাসির মাংস খাব বলে যদি কুকুরের মাংস খান, এটা কি ঠিক হবে? জামায়াতে ইসলামীর ভেতরে ইসলামের কোনো নমুনা নেই।
আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নারীদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, সামনে স্থানীয় নির্বাচন। মা-বোনদের বলতে চাই, আর ভুল করিয়েন না। বিরিয়ানির প্যাকেট আর নতুন বোরকা নিয়ে কিংবা ২০০ টাকা পেয়ে ডা. শফিকুর রহমানের মিটিংয়ে আর যাইয়েন না। বিএনপি আপনাদের সংগঠন, বিএনপি আপনাদের কথা ভাবে।
বিএনপিকে কোনো ধরনের হুমকি না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিএনপি কোনো ক্ষণস্থায়ী দল নয়; একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং বিগত ১৫ বছরের সংগ্রামের মধ্য দিয়ে গ্রাম-গঞ্জে বটবৃক্ষের মতো দাঁড়িয়েছে এই দল। তিনি হুঁশিয়ার করে বলেন, বিএনপিকে হুমকি দিতে গেলে এমন থাপ্পড় খাবেন যে মিসরের দরজাও বন্ধ হবে, পাকিস্তানের দরজাও বন্ধ হবে।
একই সঙ্গে ক্ষমতার রাজনীতি ও উন্নয়নের বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যে থাকবে উন্নয়ন মূলত তারই মাধ্যমে বাস্তবায়িত হয়। বিএনপিকে একাধারে স্বৈরাচার বলা এবং গোপনে ডিও লেটার নিয়ে এমপি-মন্ত্রীর সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার দ্বিচারিতারও তীব্র সমালোচনা করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


