আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুর্নীতিতে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

স্টাফ রিপোর্টার

দুর্নীতিতে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

বিএনপি সরকার গঠন করতে পারলে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে চলবে দল—এমন ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সবার আগে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

রোববার রাজধানীর মিরপুর পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ঢাকা-১৬ আসনের বিএনপির নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তারেক রহমান।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, গত ১৬ বছরে দেশে বহু মেগা প্রকল্প হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। বরং এসব প্রকল্পের আড়ালে হয়েছে মেগা দুর্নীতি। তিনি বলেন, ‘২৪ জুলাইয়ের অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না। তাদের স্বপ্ন বাস্তবায়নের সময় এখনই এসেছে।’

তিনি আরও বলেন, ১২ তারিখের নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই দিনে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে—কারা দেশ পরিচালনা করবে।

রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, শুধু বিরোধী দলের সমালোচনা করে জনগণের কোনো লাভ নেই। জনগণের ভাগ্য পরিবর্তন করাই বিএনপির প্রধান লক্ষ্য।

নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। একই সঙ্গে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে।

ঢাকা-১৬ আসনের মানুষের চিকিৎসাসেবার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এই আসনের জন্য একটি হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি যারা বিদেশে চাকরির উদ্দেশ্যে যেতে চান, তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থাও করা হবে।

নগর সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, পানি সমস্যা ও জলাবদ্ধতা নিরসনে সরকার গঠন করলে সবার আগে ঢাকার খাল খনন কর্মসূচি চালু করা হবে। একই সঙ্গে সারা দেশে খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অগ্রাধিকার ভিত্তিতে ঠিক করা হবে বলেও জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘সবার আগে দেশ। যেকোনো মূল্যে দেশকে গড়ে তুলতে হবে।'

জনসভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, দলের চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন