নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান জা‌নি‌য়ে বিদায়ের বার্তা রা‌কি‌বের

নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান জা‌নি‌য়ে বিদায়ের বার্তা রা‌কি‌বের
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটিকে সাদ‌রে গ্রহণের আহ্বান জা‌নি‌য়ে বিদায়ের বার্তা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা। সাক্ষাতের পর নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ বার্তা দেন।

বিজ্ঞাপন

আমার দেশ পাঠকদের জন্য ছাত্রদল সভাপতির পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো

আলহামদুলিল্লাহ!

মহান রাব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া, অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।

দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনে সুযোগ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিএনপি'র সদ্য বিদায়ী সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি'র শ্রদ্ধেয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাই সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং ছাত্রদলের সাবেক শীর্ষ নেতৃবৃন্দের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

অশেষ কৃতজ্ঞতা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত নেতৃবৃন্দ, ঢাবি, জবি, জাবি, বেসরকারি বি, রাজশাহী বি, চট্টগ্রাম বি, শেরে বাংলা কৃষি বি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের প্রতি যাদের আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টায় আমরা সফলভাবে কেন্দ্রীয় সংসদের নেতৃত্ব পরিচালনা করতে পেরেছি। বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, ঢাকার ৫ কলেজ এবং চার মহানগরের নেতৃবৃন্দদের প্রতি যাদের শ্রম-ঘামে রাজপথের কর্মসূচিগুলো সফল হয়েছে এবং শত ষড়যন্ত্রকে অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা করেছে। আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, সবগুলো বিশ্ববিদ্যালয়, সবগুলো কলেজ এর নেতৃবৃন্দের নিয়ে আমৃত্যু গর্বিত, কারণ আমার এ সকল নেতৃবৃন্দের নামে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত খবরের শিরোনাম হয়নি। প্রচণ্ড আর্থিক টানাপড়েনের মাঝেও তারা অত্যন্ত সততা ও নিষ্ঠার সহিত নিজেদের আওতাধীন ইউনিটকে নেতৃত্ব প্রদান করেছে। শুধু নিজে সৎ ও পরিশ্রমী নয়, তাদের আওতাধীন নেতা-কর্মীদেরও সত্যিকারের সততা,নীতি ও আদর্শ নিয়ে পথ চলতে অনুপ্রাণিত করেছে।

আমি বিশেষভাবে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি বিশেষ শ্রদ্ধাবোধ থেকে বলছি, সবগুলো ক্যাম্পাসে আমি ব্যক্তিগতভাবে ইতিবাচক ছাত্র রাজনীতি বিকাশে চেষ্টা করেছি। ছাত্রদলের নেতা-কর্মীদের দ্বারা ক্যাম্পাসগুলোতে একজন সাধারণ শিক্ষার্থীও যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন না হন, সেজন্য বিশেষ মনোযোগী ছিলাম। আমার নিজ দলের বাহিরেও সাধারণ শিক্ষার্থীরা যে কোনো বিষয়ে আমার শরণাপন্ন হলে, আমি আমার জায়গা থেকে সমস্যা সমাধানের জন্য চেষ্টা করেছি। ধন্যবাদ জ্ঞাপন করছি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের প্রতি।

রাকিব-নাসির কমিটির মূল সফলতা হল জুলাই গণঅভ্যুত্থান এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সমন্বয় করে কর্মসূচি প্রণয়ন এবং রাজপথে কার্যকরী বীরোচিত ভূমিকা পালন। ৫ আগস্ট, ২০২৪ পরবর্তী বাস্তবতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে শত শত মবকে মোকাবিলা করতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিক বুলিংকে উপেক্ষা করে নেতৃত্ব প্রদান করতে হয়েছে।

একটা নতুন জীবন শুরু করতে চাই। নিজেকে আরও বেশি পরিশুদ্ধ, মানবিক ও সৎ মানুষ হিসেবে গড়তে চাই। ভুল ত্রুটির ঊর্ধ্বে কেও না, সেহেতু দীর্ঘ সময় দায়িত্ব পালনকালীন সময়ে আমারও ভুল ত্রুটি রয়েছে, কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

পরিশেষে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন, সেই প্রত্যাশা রইল।

বাংলাদেশ জিন্দাবাদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন