তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ৫০ জন দৃষ্টিহীন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের ব্রেইল কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আল-মারকাজুল ইসলাম একাডেমির দৃষ্টিহীন শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ ও দুপুরের খাবার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শেখ তাওহীদুল ইসলাম সৈকত ও সাধারণ সম্পাদক ডা. মো. ইমরান হোসেন।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোন্দকার সিফাত উল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ইফতেখার আহমেদ শিহাবের সঞ্চালনায় আয়োজিত এই মানবিক আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ডা. আউয়াল বলেন, খালেদা জিয়ার জন্মদিনে ছাত্রদলের ব্রেইল কোরআন শরীফ উপহার দৃষ্টিহীনদের জন্য স্বপ্নপূরণ। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিলো আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে। কতোখানি হিংসাত্মক হলে সেই নামটিও বাদ দেয়া যায়; এটা সুস্থ মানুষের বোধগম্য না। শুধু শেখ হাসিনা ও তার পরিবারের নামেই ৮০৮টি প্রতিষ্ঠান ছিল!
এ সময় ডা. আউয়াল আরো বলেন, এতো প্রতিষ্ঠান করেও মানুষের মনে জায়গা করে নিতে পারে নেই শেখ হাসিনা। খালেদা জিয়া পেয়েছিলেন ফুলের মালা আর ফ্যাসিস্ট হাসিনার গলায় এখন জুতার মালা। কাজী নজরুলে ইসলামের একটি বিখ্যাত উক্তির ন্যায় বলতে হয়, মরণে হেসেছেন বেগম খালেদা জিয়া, কেঁদেছে সমগ্র ভুবন। নব্বইয়ে গণতন্ত্রের অন্ধকারে আলো জ্বালিয়েছেন বেগম খালেদা জিয়া; আজ তারই যোগ্য উত্তরসূরি ছাত্রদলের নেতৃবৃন্দ দৃষ্টিহীন আলেম ভাইদের মাঝে কোরআনের আলো জ্বালিয়েছে। এজন্য তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ব্রেইল কোরআন শরীফ বিতরণের এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন- শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতা ডা. মোহাম্মদ বিন মিজান, ডা. রুহুল আমিন সজীব, যুগ্ম আহ্বায়ক মহসিন আলী, ডা. সুদীপ্ত পাল, ডা: সাদিকুর রহমান ইফাত, সাঈদ মোর্শেদ, জিদ্দান আদনান, আরহাম মুশফিক, নাফিস, মোসাদ্দেক হোসেন সৌরভ, ইমরান খান, জাহিদ রিফাত, মহানগর ছাত্রদল নেতা মিরাজ হোসেন, আশরাফুল আসাদ, লাভলু, আসলামসহ নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


