ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের একটি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। তবে সৌদি আরব এখনো এ হামলার দাবি নিশ্চিত করেনি।
হুতিদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানান, ‘আমজান’ নামের সৌদি মালিকানাধীন তেলবাহী ট্যাংকারটি সৌদি আরবের ইয়ানবু উপকূলের কাছে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
মুখপাত্রের দাবি, ক্ষেপণাস্ত্রটি সরাসরি জাহাজটিতে আঘাত হানে এবং এতে ট্যাংকারটিতে বড় ধরনের আগুনের সূত্রপাত হয়। তবে জাহাজটির ক্ষয়ক্ষতি, হতাহত কিংবা আগুনের পরিস্থিতি সম্পর্কে স্বাধীনভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছিল, ইয়ানবু বন্দর থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল (প্রায় ১১৭ কিলোমিটার) পশ্চিমে একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
সাম্প্রতিক সময়ে সৌদি মালিকানাধীন ও সৌদি-সংশ্লিষ্ট তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হুতিদের হামলার দাবি বেড়েছে। জুলাইয়ের শেষ দিক থেকে লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলের ওপর তথাকথিত নৌ-অবরোধের ঘোষণা দেয় গোষ্ঠীটি। এর পর থেকে একাধিক ট্যাংকারে হামলার দাবি করেছে তারা; কিছু হামলার ঘটনায় জাহাজে আগুন লাগার তথ্যও আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে।
সৌদি আরবের ইয়ানবু অঞ্চল দেশটির গুরুত্বপূর্ণ তেল পরিবহন অবকাঠামোর একটি কেন্দ্র। ফলে সেখানে তেলবাহী জাহাজে হামলার ঘটনা আঞ্চলিক উত্তেজনার পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি ও নৌ-বাণিজ্যেও নতুন উদ্বেগ তৈরি করতে পারে।
সূত্র: আল-জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


