বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের নামে ফেক ফেসবুক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ জানানো হয়েছে।
শনিবার রাতে মহিলা বিভাগের পক্ষ থেকে নাজমুন নাহার নীলু এমপি এই প্রতিবাদ জানিয়ে বলেন, ‘গত ২১ আগস্ট মহিলা জামাত প্রচার বিভাগ নামে একটি ফেসবুক পেজে থেকে প্রধান নির্বাচন কমিশনার এমএম নাসির উদ্দিনের নামে একটি ভুয়া ফটোকার্ড শেয়ার করা হয়, যেখানে বলা হয়েছে- ‘নির্বাচনি খরচ বাঁচাতে ঠাকুরগাঁও-১ আসনে কোনো উপনির্বাচন হবে না। ১২ ফেব্রুয়ারি ২য় অবস্থানে থাকা জামায়াতের প্রার্থীই উক্ত আসনের এমপি বলে গণ্য হবেন।’
তিনি আরো বলেন, ‘আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে বলতে চাই দীর্ঘদিন ধরে মহিলা বিভাগের নামে অসংখ্য ভুয়া পেজ থেকে জনগণকে বিভ্রান্ত করার জন্য অসত্য তথ্য প্রচার করা হচ্ছে, যার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই।’
নাজমুন নাহার বলেন, ‘যে বা যারা বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কর্মকান্ডকে বিতর্কিত করতে এ ধরনের হীন প্রচারণা চালাচ্ছেন আমরা তাদের ব্যাপারে নিন্দা জানাই। একইসাথে এ ধরনের অপতথ্য দ্বারা বিভ্রান্ত না হতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানাই।’
তিনি আরো বলেন, ‘আমরা জানাতে চাই বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে সকল প্রচারণা তাদের কেন্দ্রীয় ও শাখাসমূহের অফিশিয়াল পেজ থেকে করা হয়। এই সকল পেজ এর বাইরে সকল পেজ ও আইডির কোন পোস্ট বা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


