আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গভীর ষড়যন্ত্র দেখছে জামায়াত

বঙ্গভবন কর্মকর্তার মেইল ব্যবহার করে জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাক

স্টাফ রিপোর্টার

বঙ্গভবন কর্মকর্তার মেইল ব্যবহার করে জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাক

গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাকড করা হয়েছে বলে জানিয়েছে দলটি। হ্যাকাররা জামায়াত আমিরের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে আপত্তিকর পোস্ট দেয়। হ্যাক করার ক্ষেত্রে বঙ্গভবন কর্মকর্তার মেইল ঠিকানা ব্যবহার করা হয়েছে।

বিষয়টি টের পাওয়ার কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণের পাশাপাশি থানায় জিডি করা হয়েছে। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবে জামায়াত।

বিজ্ঞাপন

রোববার বেলা ১১টার দিকে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এসব তথ্য জানান।

তিনি বলেন, কে বা কারা অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে টুইটার হ্যাক করেছে। জামায়াতে ইসলামী, জামায়াতের আমির এবং শীর্ষ নেতাদের নামে আপত্তিকর পোস্ট দিয়েছে। শনিবার বিকাল ৪টা ৩৭ মিনিটে হ্যাক হওয়ার বিষয়টি তারা ৫টার দিকে টের পান বলে জানান।

জুবায়ের বলেন, “কয়েক দিন ধরে চেষ্টা করে এই অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ কাজে কয়েকজন জড়িত, গভীর ষড়যন্ত্র আছে। আমিরে জামায়াতকে নিয়ে এ ধরনের আপত্তিকর পোস্টের পর তাৎক্ষণিকভাবে একটি দলের কর্মসূচি ঘোষণায় বোঝা যায় যে, ‘ঠাকুরঘরে কে রে, আমি কলা খাইনি’। আমরা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পদক্ষেপ নিয়েছি, বিবৃতি দিয়েছি। রাতেই থানায় জিডি করেছি। পরে আইনিসহ আরো পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি বলেন, “এটি মারাত্মক একটি ষড়যন্ত্র ও অপপ্রয়াস। নারী, ও দেশের প্রতি আমাদের বক্তব্য খুব স্পষ্ট। আমিরে জামায়াত আমাদের বক্তব্য তুলে ধরছেন। সম্ভবত এসব কারণে জামায়াত ও তাকে প্রশ্নবিদ্ধ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি মহল। এজন্য টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাক করা হয়েছে। আমরা বিষয়টি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকেও জানাব। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।”

তিনি আরো বলেন, “জামায়াতের জনপ্রিয়তা, বিশেষ করে নারী ভোটারদের ব্যাপক সাড়ার কারণে তাদের বিভ্রান্ত করার জন্য একদল লোক চক্রান্তমূলকভাবে এই সাইবার হামলা করেছে। আমরা পরবর্তী পদক্ষেপ জানাব।”

টুইটার বা এক্স অ্যাকাউন্ট হ্যাক বিষয়ে জামায়াতের সাইবার টিমের সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, “শনিবার বিকাল ৪টা ৩৭ মিনিটের দিকে সর্বশেষ পোস্ট হয় আমিরের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে। এতে অনাকাঙ্ক্ষিত, আপত্তিপর পোস্ট করা হয়। ৪টা ৫৫ মিনিটে আমরা বুঝতে পারি। আমাদের সাইবার সিকিউরিটি টিম নিয়ন্ত্রণের চেষ্টা করে। অল্প সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হই। এরপর ৫টা ২২ মিনিটে আমরা সংশোধনীর ঘোষণাটি দিই। পরে ঘটনার কারণ খোঁজার চেষ্টা করে দেখি, বেশ কিছুদিন ধরেই আমাদের সামাজিক মাধ্যমের পেজগুলোতে সাইবার হামলার চেষ্টা করা হয়। এ বিষয়ে রাত সাড়ে ৩টার দিকে আমরা থানায় জিডি করেছি।”

জামায়াতের সাইবার টিমের আরেক সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হ্যাক হওয়ার নানা তথ্য ডিজিটালি উপস্থাপন করে বলেন, “৪টা ৩৭ মিনিটে নারীদের নিয়ে আপত্তিকর পোস্টটি দেওয়া হয়। ৫টা ৯ মিনিটে পাসওয়ার্ড পরিবর্তন করার চেষ্টা করি। একই পোস্ট ৪টা ৫৩ মিনিটে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের অ্যাকাউন্ট থেকে বাংলায় পোস্ট করা হয়। একই সঙ্গে এ দুটি অ্যাকাউন্ট হ্যাক হয়। এই হ্যাকের সংবাদগুলো মধ্যরাতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। প্রথম পোস্টের মাত্র এক মিনিটের মাথায় তার স্ক্রিনশর্ট নেওয়া হয়। রাত ১২টার দিকে সেটি ছড়ানো হয়। তার আগে আমরা পাসওয়ার্ড চেঞ্জ ও বিবৃতি দিয়েছি।”

তিনি বলেন, অ্যাকাউন্ট দুটি হ্যাক করার ক্ষেত্রে বঙ্গভবনের একজন কর্মকর্তার মেইল ঠিকানা ব্যবহার করা হয়েছে। তিনি এ বিষয়ে জড়িত থাকতেও পারেন অথবা অন্য কেউ এটাকে ব্যবহার করতে পারেন। বিষয়টি আমরা সরকারকে জানাব, তারা বিষয়টি তদন্ত করে দেখবেন এবং ব্যবস্থা নেবেন বলে জানান জামায়াত নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন