কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ের সম্পত্তিতে থাকা একটি শতবর্ষী বট গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ভৈরবের আওয়ামী লীগ নেতা ও ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে।
গতকাল ১৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের বাগানবাড়ি এলাকায় রেলওয়ে লিজের জায়গায় করা রাইস মিলের ভেতর থেকে গাছ কাটার অভিযোগের সত্যতা পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (কার্য) মোয়াজ্জেম হোসেন। এ ঘটনায় রাতেই ভৈরব থানায় একটি মামলা করেন রেলওয়ে কর্তৃপক্ষ।
ঘটনার পর ওই দিন সন্ধ্যায় আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ভূমি অফিসে ডাকা হয়। সহকারী কমিশনার (ভূমি) আজিমুল হকের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষয়মাণ অবস্থায় ভৈরব থানার এসআই আসিবুল পুলিশ ফোর্স নিয়ে রুমে ঢুকতেই অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনসহ সঙ্গে থাকা ব্যক্তিরা সটকে পড়েন।
১৯ আগস্ট বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, এক সময় বিশাল বটগাছের ছায়ায় আচ্ছাদিত বাগানবাড়ি মোড় এখন খোলা আকাশের নিচে পড়ে আছে। স্থানীয়দের মতে, গাছটি শুধু পরিবেশের সৌন্দর্য্যই বাড়ায়নি বহু পাখির আবাসস্থল হিসেবেও পরিচিত ছিল।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলেন, বাগানবাড়ি মোড়ের প্রায় ১৫ থেকে ২০টি দোকান এই বট গাছের ছায়ায় ছিল। সকাল-সন্ধ্যা পাখির কিচিরমিচিরে এলাকা মুখরিত থাকত। প্রখর রোদে ছায়া পেতো পথচারীসহ এখানকার শ্রমজীবী লোকজন।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (কার্য) শেখ মোয়াজ্জেম হোসেন বলেন, গাছ কাটার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযোগের সত্যতা পেয়েছি। আব্দুল্লাহ আল মামুন তার অপরাধের কথা স্বীকার করেছেন।
কথোপকথনের সময় ভূমি অফিস থেকে আব্দুল্লাহ আল মামুন না বলে পালিয়ে যান। বিনা অনুমতিতে গাছ কেটে তিনি অপরাধ করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, সরকারি রেলওয়ে ভূমিতে বিনা অনুমতিতে গাছ কাটার অপরাধে রেলওয়ে কর্তৃপক্ষ আব্দুল্লাহ আল মামুনের নাম উল্লেখসহ ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করে অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আসামিদের ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

