হবিগঞ্জে বিএনপির সভাপতিসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

হবিগঞ্জে বিএনপির সভাপতিসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

হবিগঞ্জে বাড়ি নির্মাণকাজ বন্ধ করে আমেরিকা প্রবাসীর কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালসহ ৫জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার হবিগঞ্জের দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমের আদালতে মামলাটি দায়ের করেন আমেরিকা প্রবাসী শাহিন মিয়ার ছেলে সানি আলম শ্রাবণ।

দায়ের করা সিআর ৫২/২০২৬ মামলাটি বিচারক আমলে নেন এবং মামলাটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে মাধবপুর থানায় এফআইআর হিসেবে গণ্য করে আদালতকে অবহিত করার আদেশ দেন।

মামলায় অন্যান্য আসামিরা হলেন—উপজেলার মালঞ্চপুর গ্রামের ইমরান আহম্মদ (৪০) ও কুদ্দুস মিয়া, আলীনগর গ্রামের আশিকুর রহমান মামুন (৪৫) এবং কালিকাপুর গ্রামের মৃত মকবুল মিয়ার ছেলে শাহ আলম (৫২)।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৬ আগস্ট উপজেলার ধর্মঘর বাজারের দত্তপাড়া এলাকায় তাদের ক্রয়সূত্রে মালিকানাধীন জমিতে বাড়ি নির্মাণের সময় বিএনপি নেতা কামালসহ কয়েকজন সেখানে গিয়ে কাজে বাধা দেন। এ সময় তারা মারধর, প্রাণনাশের হুমকি এবং ২০ লাখ টাকা চাদা দাবি করেন।

প্রবাসী শাহীন মিয়া বলেন, জমিটি আমি ক্রয়সূত্রে মালিক এবং এর বৈধ কাগজপত্র রয়েছে। আমেরিকা যাওয়ার আগে নির্মাণকাজে বাধা না দেওয়ার জন্য আমি কামালকে প্রথমে ৫০ হাজার ও পরে ১ লাখ টাকা দিয়েছি। এরপরও সাবেক এমপির ঘনিষ্ঠজন হিসেবে ক্ষমতার দাপট দেখিয়ে নির্মাণকাজ বন্ধ করার চেষ্টা এবং ২০ লাখ টাকা চাদা দাবি করেন কামাল।

তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল। তিনি বলেন, জমিটি বিরোধপূর্ণ এবং ৩১ শতক জমির তিনজন ওয়ারিশ রয়েছেন। একজন ওয়ারিশের কাছ থেকে পুরো জমি রেজিস্ট্রি নেওয়া হয়েছে—এমন অভিযোগ পাওয়ার পর বিষয়টি মীমাংসার জন্যই আমি সেখানে গিয়েছিলাম। চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

মামলার বাদীপক্ষের দাবি, বিষয়টি নিয়ে থানায় গেলে মামলা নেওয়া হয়নি। পরে আদালতে মামলা করা হলে আদালত অভিযোগ আমলে নিয়ে থানায় এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন।

মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, আদালতের নির্দেশে থানায় মামলা রেকর্ড করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন