সঞ্চয়কে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে আইডিএলসি ফাইন্যান্স ও বিকাশ যৌথভাবে চালু করেছে ডিজিটাল এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিট) সেবা। নতুন এই সেবার ফলে এখন বিকাশ অ্যাপ থেকেই কোনো কাগজপত্র ছাড়াই ঘরে বসে আইডিএলসি ফাইন্যান্সে ফিক্সড ডিপোজিট খুলতে পারবেন গ্রাহকরা।
বর্তমানে বিকাশ অ্যাপ ব্যবহার করে ৬ মাস ও ১২ মাস মেয়াদে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত এফডিআর খোলার সুযোগ রয়েছে। এফডিআর খোলা থেকে শুরু করে নির্ধারিত সময় অন্তর মুনাফা গ্রহণ এবং মেয়াদ শেষে মূল টাকা পাওয়ার পুরো প্রক্রিয়াই বিকাশ অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাবে।
সম্প্রতি আইডিএলসি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে যৌথভাবে নতুন এই সেবা চালুর ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন সেবার আওতায় গ্রাহকরা নির্ধারিত সময় অন্তর তাঁদের বিকাশ অ্যাকাউন্টেই আইডিএলসি’র এফডিআরের মুনাফা পেয়ে যাবেন। পাশাপাশি বিকাশ অ্যাপ থেকে ডিজিটাল রসিদ ডাউনলোড করে সংরক্ষণ করা যাবে।
এফডিআরের মেয়াদ শেষ হলে তা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন বা ‘অটো-রিনিউয়াল’ করার সুবিধাও থাকছে। ফলে গ্রাহকদের এফডিআর পরিচালনার জন্য আলাদাভাবে আইডিএলসি কার্যালয়ে যাওয়ার প্রয়োজন হবে না।
আইডিএলসি ফাইন্যান্সের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর এম জামাল উদ্দিন বলেন, বাংলাদেশে প্রথমবার বিকাশের মাধ্যমে ডিপিএস সেবা চালুর পর এবার টার্ম ডিপোজিট সুবিধা যুক্ত করে আমরা গ্রাহকদের জন্য সঞ্চয়ের আরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যমকে সহজ ও উন্মুক্ত করছি।
আইডিএলসি ফাইন্যান্স ও বিকাশের মধ্যে সঞ্চয়ভিত্তিক অংশীদারিত্ব নতুন নয়। প্রায় পাঁচ বছর ধরে বিকাশ অ্যাপের মাধ্যমে আইডিএলসি ফাইন্যান্সের সাপ্তাহিক ও মাসিক ডিপিএস সেবা গ্রহণ করে আসছেন গ্রাহকরা।
এবার সেই সেবার পরিধি আরও বাড়িয়ে এককালীন সঞ্চয়ের জন্য এফডিআর সুবিধা চালু করা হলো। এর ফলে বিকাশ ব্যবহারকারীরা তাঁদের হাতে থাকা অতিরিক্ত অর্থ নির্দিষ্ট মেয়াদে জমা রেখে মুনাফা অর্জনের সুযোগ পাবেন, পাশাপাশি পুরো সঞ্চয় প্রক্রিয়াটি ডিজিটালভাবে পরিচালনা করতে পারবেন।
আইডিএলসি ও বিকাশের এই যৌথ উদ্যোগের মাধ্যমে প্রচলিত আর্থিক সেবার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সঞ্চয়ের সুযোগ আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


