গৃহকর্মীর ‘অবহেলাজনিত মৃত্যু’র মামলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেনের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
অভিযোগ গঠনের শুনানির সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন। তাদের পক্ষে আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার ও ওমর ফারুক আসিফ অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে বিল্লাল হোসেন অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের কাছে জানতে চান, তারা দোষী না নির্দোষ। জবাবে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। পরে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে প্রীতি ওড়ান নামে এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়। প্রীতি ওড়ান নামের ১৫ বছর বয়সী ওই কিশোরী ওই ভবনের বাসিন্দা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করতেন। নিহত ওই কিশোরীর বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামে।
এ ঘটনায় মৃত গৃহকর্মী প্রীতির বাবা লুকেশ ওড়ান সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
আলোচিত এ মামলার তদন্ত শেষে গত ৩১ মার্চ দুই জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের উপ-পরিদর্শক এস এম মাহমুদ রেজা। পরে গত ১৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। মামলার দুই আসামি আশফাকুল হক ও তানিয়া খন্দকার চার মাস কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে আছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


