গ্যাস লিকেজে ৯ জনের মৃত্যু, ফেরদৌস শিপইয়ার্ড বন্ধ ঘোষণা

গ্যাস লিকেজে ৯ জনের মৃত্যু, ফেরদৌস শিপইয়ার্ড বন্ধ ঘোষণা

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনা কবলিত ফেরদৌস স্টিল শিপইয়ার্ড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার বাংলাদেশ রিসাইক্লিং বোর্ডের মহাপরিচালক এ. এস. এম শফিউল আলম তালুকদার এক জরুরী বার্তায় শিপইয়ার্ডটি বন্ধের ঘোষণা দেন। এর আগে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় ওই ইয়ার্ডে ৯ জনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিএসআরবি মহাপরিচালকের স্বাক্ষরিত এক দাপ্তরিক খুদেবার্তায় জানানো হয়, শিপইয়ার্ডটিতে নিরাপত্তা জোরদার ও পরবর্তী নির্দেশনা প্রদান না করা পর্যন্ত 'স্টপ অপারেশন অর্ডার' (SOO) কার্যকর থাকবে। বিএসআরবি কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ইয়ার্ডের নিরাপত্তা বিধান ও তদন্ত সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

উল্লেখ্য, সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার সমুদ্র উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে গত শুক্রবার ভয়াবহ গ্যাস লিকেজের ঘটনা ঘটে৷ এতে ছুটির দিনে কাজ করা ৯ জন শ্রমিকের মৃত্যু হয়। শুরুতে ৫ জনের মরদেহ জাহাজের ভেতরের থেকে উদ্ধার করে স্থানীয়রা। পরে হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু হয়৷ শিপইয়ার্ডটি গ্রিন সনদধারী হলেও কর্তৃপক্ষের গাফিলতি ও দায়িত্বহীনতা এখন সকলের কাছেই স্পষ্ট হয়ে ওঠেছে। একদিকে ছুটির দিনে কাজ করানো, অন্যদিকে বিষাক্ত গ্যাস রেখেই জাহাজ কাটার কাজ চালানো হচ্ছিল ইয়ার্ডটিতে৷ এর কয়েক মাস আগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নিরাপত্তাজনিত নানা ত্রুটির অভিযোগে মামলা ও কারণ দর্শানোর নোটিশ প্রদান করে ইয়ার্ডটির বিরুদ্ধে। বিস্ফোরক অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা ইয়ার্ডটিতে থাকা পুরনো এলএনজি স্ক্র্যাপ জাহাজে হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকার কথা জানিয়েছে। যা দুর্ঘটনার সময় ১০০ পিপিএম মাত্রায় উপস্থিত ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন