এক সপ্তাহে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ৬৭ লাখ টাকা জরিমানা

এক সপ্তাহে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ৬৭ লাখ টাকা জরিমানা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশব্যাপী আইন প্রয়োগ এবং মনিটরিং কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। গত ১৬ থেকে ২২ আগস্ট পর্যন্ত এক সপ্তাহে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পরিচালিত অভিযানে ২৫টি প্রতিষ্ঠানকে ৬৭ লাখ টাকা জরিমানা এবং ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

সংস্থাটি জানায়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৭টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে আইন লঙ্ঘনের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ও ৩টি মামলা দেওয়া হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় গত শনিবার বিশেষ সামারি ট্রায়ালে ৪টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪০ লাখ টাকা জরিমানা ও ৪টি মামলা করা হয়।

এছাড়া পাবনা, বগুড়া, মাদারীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, গাজীপুর, নীলফামারী, লক্ষ্মীপুর ও মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় ১৫টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪ লাখ টাকা জরিমানা ও ১৫টি মামলা করা হয়।

গত ১৭ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় সামারি ট্রায়াল পরিচালনা করে কোনো জরিমানা না করলেও ৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়।

আইন প্রয়োগের পাশাপাশি সারাদেশে খাদ্যস্থাপনা মনিটরিং জোরদার করা হয়েছে। গত সপ্তাহে বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি এবং খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসহ মোট ২২০টি খাদ্যস্থাপনায় মনিটরিং চালানো হয়।

এছাড়াও, স্বাস্থ্যকর খাদ্যনীতি প্রণয়ন এবং অসংক্রামক রোগ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডিব্লিউএইচও) রি-ক্যাপ মিশনের সঙ্গে পরামর্শ সভা করেছে বিএফএসএ। নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন টিভিসি, স্ক্রলবার্তা ও সচেতনতামূলক বার্তা নিয়মিত প্রচার করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু আইন প্রয়োগের বিষয় নয়; এটি জনস্বাস্থ্য সুরক্ষা ও একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।’ তিনি আরও জানান যে শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি প্রতিরোধমূলক উদ্যোগ এবং গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন