মির্জা ফখরুলের বক্তব্য উসকানিমূলক: জামায়াতের বিবৃতি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মির্জা ফখরুলের বক্তব্য উসকানিমূলক: জামায়াতের বিবৃতি

বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক জনসভায় জামায়াতে ইসলামীকে জড়িয়ে মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন, তা দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থী এবং উদ্দেশ্যপ্রণোদিত।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি বা মিথ্যা বলি। অথচ দেশবাসী ভালো করেই জানেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, আদর্শিক ও প্রকাশ্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল। আমরা ধর্ম নিয়ে কখনো কোনো ধরনের হীন ব্যবসা বা চাতুর্যের আশ্রয় নিই না।”

তিনি আরও বলেন, “বরং ধর্ম নিয়ে প্রকৃত ব্যবসা ও ভণ্ডামি করে বিএনপি নিজেই। সারা বছর তাদের বড় বড় নেতাদের নামাজের কোনো খবর থাকে না, অথচ নির্বাচন এলেই তাদের গায়ে পায়জামা-পাঞ্জাবি, মাথায় টুপি ও হাতে তসবিহ দেখা যায়। আতর মেখে মসজিদে ঢুকতেও দেখা যায়।”

মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, জনগণের ধর্মীয় আবেগকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার প্রবণতা বিএনপির মধ্যেই বেশি দেখা যায়। তিনি বলেন, “জনগণের ধর্মীয় আবেগকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার এই সস্তা ও ভণ্ডামিপূর্ণ রাজনীতি বিএনপির জন্যই বেশি প্রযোজ্য, জামায়াতের নয়।”

মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী এ দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া একটি দল। অতীতে জনগণ আমাদের ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে এবং আমাদের মন্ত্রীরা সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।”

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, স্বাধীনতা যুদ্ধ ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে জামায়াতকে ঘিরে পুরোনো বয়ান তুলে ধরা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। তিনি বলেন, “জামায়াতে ইসলামী সব সময় দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

শেষে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামায়াতের বিরুদ্ধে “অসত্য ও উসকানিমূলক বক্তব্য” প্রত্যাহারের আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...