কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কায়েমে সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: গোলাম পরওয়ার

কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কায়েমে সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: গোলাম পরওয়ার

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেলে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

তিনি বলেন, জনগণের খাজনা- ট্যাক্সের টাকা সরকারের পকেটে কিন্তু হাম ও ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে জামায়াতে ইসলামী।

তিনি বলেন, দেশ ও জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই। সরকার নিজের ক্ষমতা পাকাপোক্ত করে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কায়েমের জন্য সংবিধান সংশোধনে ব্যস্ত। দলীয়করণ ব্যতীত এই সরকারের আর কোনো সফলতা নেই। সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাসের মাথায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’ কী? হাম ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ মারা গেলেও আপনাদের কোনো মাথাব্যথা নেই!

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার যেকোনো সমস্যাকে আগের সরকারের রেখে যাওয়া সমস্যা বলে দায়মুক্ত হতে চায়। অথচ আগের কোনো সরকার পরের সরকারের জন্য সমস্যা সমাধান করে দিয়ে যায় না। যদি আগের সরকার সমস্যা সমাধান করতে পারে তবে পরে আরেক সরকারের কোনো প্রয়োজন থাকে না। আগের সরকার সমস্যা সমাধান করতে না পারার কারণেই মানুষ সরকার পরিবর্তন করে। কিন্তু পরিবর্তনের পরও যদি নতুন সরকার সমস্যা সমাধান করতে না পারে তবে জনগণ সেই সরকারকেও পরিবর্তনে বাধ্য হবে।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন বলেন, হাম ও ডেঙ্গুর সঠিক এবং যথাযথ চিকিৎসা না পেয়ে মানুষের মৃত্যুর সারি দীর্ঘ হচ্ছে। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হলেও সরকার সেই অধিকার নিশ্চিত না করলেও সরকার দলীয় নেতাকর্মীরা মিরপুরে রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র, মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালসহ সারাদেশে বিভিন্ন হাসপাতাল ভাঙচুর করে দখলের চেষ্টা করছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির যথাক্রমে আব্দুস সবুর ফকির এবং ড. হেলাল উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার আব্দুর রব, মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা শরিফুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম প্রমুখ।

মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খানের পরিচালনায় অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ও ডাকসু ভিপি সাদিক কায়েমসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামী দায়িত্বশীল সংগঠন হিসেবে সপ্তাহ ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। জামায়াতে ইসলামী দেশের যেকোনো ক্রান্তিকালে সবার আগে এগিয়ে আসে।

তিনি আরো বলেন, সরকারের ব্যর্থতায় ডেঙ্গু ও হামের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। অন্যান্য সেক্টরের মতো স্বাস্থ্যখাতে দলীয়করণের মাধ্যমে অদক্ষ, অযোগ্য লোকদের দায়িত্ব দেওয়া হয়েছে। যার কারণে স্বাস্থ্যখাত নিজেই দূর আরোগ্য ব্যাধিতে আক্রান্ত।

বুলবুল বলেন, সরকার ডেঙ্গু মশা নিধনের পরিবর্তে কেবলমাত্র সরকারি কর্মকর্তাদের দিয়ে কয়েকটি মিটিং করে যাচ্ছেন। অথচ এসব মিটিংয়ে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। ডেঙ্গু প্রতিরোধের জন্য যেই অর্থের বরাদ্দ ও পরিকল্পিত পদক্ষেপ প্রয়োজন তার কোনোটিই সরকারের নেই।

সভা শেষে, ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন অভিযান পরিচালিত হয়। এছাড়াও স্থানীয়দের মাঝে মশারীসহ প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন