৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালি পারাপারে নিয়ম ভঙ্গের অভিযোগে ৪৫টি ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করেছে ইরান। একই সঙ্গে এই ট্যাংকারগুলো দিয়ে পণ্য পরিবহণকারী যে-কোনো জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে তেহরান।

বিজ্ঞাপন

রোববার রাতে ইরান-প্রতিষ্ঠিত নতুন সংস্থা পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ এক্সে দেওয়া এক পোস্টে জানায়, তালিকাভুক্ত জাহাজগুলোকে জরিমানা, আটক এবং তাদের পণ্য জব্দ করা হতে পারে।

কালো তালিকায় থাকা জাহাজগুলোর মধ্যে রয়েছে বড় অপরিশোধিত তেলবাহী ট্যাংকার, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী ট্যাংকার এবং ক্লিন প্রোডাক্টস পরিবহনকারী জাহাজ।

যুক্তরাষ্ট্র ইরানকে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের হুমকি দেওয়ার কয়েক দিনের মধ্যেই এই সতর্কতা জারি করা হলো এবং ইরানও বলেছে যে যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন হুমকির জবাবে তাদের প্রতিক্রিয়া হবে বিধ্বংসী।

ইরান আগে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য জাহাজ মালিকদের তেহরানের অনুমোদন নিতে হবে এবং নিরাপত্তাসহ বিভিন্ন সেবার জন্য অর্থ পরিশোধ করতে হবে।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে সংঘাতের আগে বিশ্বের দৈনিক অপরিশোধিত তেল ও এলএনজি সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হতো। তবে চলমান সংঘাতে হরমুজে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন