সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফল প্রকাশ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাত ৪টার দিকে নির্বাচন কমিশনে দলটির প্রতিনিধি দল অভিযোগ জানাতে গিয়ে প্রেস ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ভোট গণনা কার্যক্রমে জড়িত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন সদস্যরা ফলাফল ঘোষণার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অস্বাভাবিক বিলম্ব করছেন। আমাদের শীর্ষ নেতাদের আসনের এজেন্টদের কাছ থেকে আমরা যে রেজাল্ট শিট পেয়েছি, সে অনুযায়ী আট থেকে ৯টার মধ্যে ফল ঘোষণার কথা। কিন্তু রাত প্রায় চারটা বাজলেও তা ঘোষণা করা হয়নি। কোন কোন আসনে এমনও হয়েছে, যে শিটে রিটানিং অফিসার বা তার কর্মকর্তারা প্রথমে স্বাক্ষর দিয়েছেন, কিছু সময় পর তা পরিবর্তন করেছেন। ঢাকা-১৭ আসনে এ ধরনের ঘটনা ঘটেছে। কমপক্ষে আটটি শিটে তারা এ ধরনের পরিবর্তন, ওভার রাইটিং করেছেন। পরিবর্তনের কারণ বলছেন, একটু ভুল হয়ে গেছে, সংশোধন করতে হবে। বিভিন্ন সেন্টারগুলোর রেজাল্ট যোগ করে যেটা হয়েছিল, ওভার রাইটিংয়ের পর তা ৫ হাজার কমানো হয়েছে। একটি বিশেষ দলের প্রধানকে সুবিধা দেওয়ার জন্যই একাজটি করা হয়েছে বলে মনে করি। আমাদের এজেন্টদের কথা বলতে দেওয়া হয়নি। তারা এরই মধ্যে প্রেস কনফারেন্স করেছেন। এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের কথা বলেছি। ঢাকার সবগুলো আসনে আমাদের ১১ দলীয় প্রার্থীর রেজাল্ট দিতে গড়িমসি করা হচ্ছে।
তিনি বলেন, ঢাকা-১৫ আসনের প্রার্থী জামায়াত আমির, এখানে তিন লাখের বেশি ভোটার ও ১২৯ টি সেন্টার রয়েছে। এরচেয়ে বড় বড় আসনের রেজাল্ট তড়িৎ গড়িতে দিলেও এটা এখনো দেওয়া হয়নি। ইতোমধ্যে আরেক প্রার্থী বলছেন, তিনি পাস করেছেন। যেখানে ২০ হাজারের চেয়ে বেশি ভোটে আমি এগিয়ে আছি। আমাদের কাছে মনে হচ্ছে, একটি বিশেষ দলকে সুবিধা দিতে নির্বাচন কমিশন ও তাদের সঙ্গে যারা আছেন, তারা এই ষড়যন্ত্রে জড়িত আছেন। একই অবস্থা আমাদের ১১ দলীয় অন্য নেতাদের আসনেও। সারাদেশের আসনগুলো নিয়ে আমরা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেছি, একই ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখতে পাচ্ছি।
জুবায়ের বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে এ জাতি রক্ত দিয়ে সংগ্রাম করেছেন-এ ধরনের আরেকটি নতুন ফ্যাসিবাদ কায়েমের জন্য নয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা গণনা ও ফলাফল প্রকাশের যেসব কলাকৌশল করছেন, ইচ্ছাকৃতভাবে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তারা এ কাজটি করছেন বলে মনে হচ্ছে। আমরা ষড়যন্ত্রের বিরুদ্ধে মাথানত করবো না, দেশবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলব। এ ধরনের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আন্দোলন করে জনগণের মুখোমুখি করতে বাধ্য হবো। কঠোর আন্দোলন গড়ে তুলব। আমরা আজকে এ কারণেই এখানে জানাতে এসেছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

