মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও ‘অপমানের’ নিন্দা জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও ‘অপমানের’ নিন্দা জামায়াত আমিরের

বিমানবন্দরে যাত্রী সাধারণের দুর্ভোগ ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে মন্তব্য করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

স্ট্যাটাসে বলা হয়, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে সাধারণ যাত্রী, বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের দুর্ভোগ, কর্তৃপক্ষের উদাসীনতা ও অনিয়মের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে আওয়াজ তুলেছেন। তিনি ভুক্তভোগী যাত্রীদের প্রতিবাদের কণ্ঠস্বরে পরিণত হয়েছেন।

কিন্তু তার এই যৌক্তিক প্রতিবাদকে আমলে নিয়ে সেগুলোর সংস্কার বা সংশোধন না করে উল্টো তাকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, একজন দুবারের সাবেক সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে অপমানিত করার হীন পদক্ষেপ নেওয়া হয়েছে।

জনগণ সবকিছু দেখছে উল্লেখ করে স্ট্যাটাসে আরও বলা হয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে মেজর (অব.) আখতারুজ্জামান প্রকৃত বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন। পরিশেষে তিনি আল্লাহর দরবারে এই বীর মুক্তিযোদ্ধার সম্মান বৃদ্ধির জন্য দোয়া করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন