ঢাকা-৬ আসনের ফলাফল স্থগিত চেয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আবেদন করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ড. আব্দুল মান্নান। এতে ভোট গ্রহণ ও ফলাফল প্রণয়নের প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও ফলাফল টেম্পারিং সহ সাতটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ভোটগ্রহণ ও ফলাফল প্রণয়নের প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও ফলাফল টেম্পারিং সংঘটিত হয়েছে মর্মে আমার নিকট বিশ্বাসযোগ্য তথ্য ও প্রাথমিক প্রমাণাদি রয়েছে।
অভিযোগের সারসংক্ষেপ নিম্নরূপ:
১. প্রাপ্ত ফলাফলের সাথে গণনা-পত্র/প্রিজাইডিং অফিসারের বিবরণীর অসঙ্গতি লক্ষ্য করা গেছে।
২. কিছু ব্যালট/ভোটের হিসাব চূড়ান্ত ফলাফলে প্রতিফলিত হয়নি বলে সন্দেহ রয়েছে।
৩. ফলাফল ঘোষণার পূর্ব ও পরবর্তী সময়ের তথ্যের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়েছে।
৪. অনেক কেন্দ্রে বাতিল ভোট নেই, যেটা অস্বাভাবিক।
৫. প্রিজাইডিং অফিসার নিয়োগে অনিয়ম ও পক্ষপাতিত্ব মূলক আচরণ লক্ষণীয়।
৬. ইতিপূর্বে ঢাকা-৬ আসনের থানা সমূহের নির্বাচনী অফিস জনাব ইশরাক সাহেবের স্থাপনা দিগন্ত টাওয়ারে থাকায় স্থানান্তর বিষয়ে প্রতিকার চাওয়া হলেও প্রতিকার পাওয়া যায়নি।
৭. ক্ষেত্র বিশেষে রেজাল্ট প্রদানে দীর্ঘসূত্রিতা পরিলক্ষিত যা জনমনে সন্দেহ সঞ্চার করেছে।
উল্লেখিত বিষয়সমূহ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতার পরিপন্থী। গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনসাধারণের আস্থা রক্ষার্থে এই আসনের ভোটের ফলাফল স্থগিত করা জরুরি।
অতএব, ঢাকা-৬ এর ফলাফল স্থগিত করে, পুন গণনা ও টেম্পারিং সংক্রান্ত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জন্য অনুরোধ করছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

