আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে যা জানাল জামায়াত

স্টাফ রিপোর্টার

সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে যা জানাল জামায়াত
সংবাদ সম্মেলনে কথা বলছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) আইডি হ্যাকিংয়ের কয়েক দিনের মধ্যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স (টুইটার) আইডিতে সাইবার হামলা হয়েছে। দুর্বৃত্তরা হ্যাকিংয়ের পর তার আইডি থেকে আপত্তিকর পোস্ট দিয়েছে।

তবে বিষয়টি জামায়াতের সংশ্লিষ্ট টিমের নজরে আসার পর তা ডিলিট করা হয়। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দলটি জানিয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, বঙ্গভবনের মেইল আইডি থেকে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়। ওই মেইলের সিসিতে অনেকগুলো অ্যাড্রেস ছিল। তাই স্বাভাবিকভাবেই তাদের আরো অনেক ডিভাইসে নিয়ন্ত্রণ থাকতে পারে। তাই জামায়াতের সেক্রেটারি জেনারেলের অ্যাকাউন্ট হ্যাকেও তাদের সম্পৃক্ততা থাকতে পারে। আমরা বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি।

তিনি বলেন, তবে এ বিষয়ে সরকারকেই তদন্ত করে বের করতে হবে যে, কোথায় কোথায় হ্যাকারদের নিয়ন্ত্রণ আছে। তা না হলে আমাদের যে কোনো ডিভাইস নিয়ন্ত্রণ নিয়ে তারা তথ্য চুরিসহ নানা ষড়যন্ত্র করতে পারে। তবে এসব ষড়যন্ত্র করে জামায়াতের জনপ্রিয়তাকে থামাতে পারবে না। রাষ্ট্রীয় সুবিধা নিয়ে ষড়যন্ত্র করা আর দলীয় কর্মকাণ্ড এক জিনিস নয়। তবে আমরা সরকার গঠন করতে পারলে এভাবে রাষ্ট্রীয় কোনো সুবিধা অসৎ কাজে ব্যবহারের সুযোগ রাখা হবে না।

এদিকে গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক জামায়াতে ইসলামীর নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হামলা চালানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে সম্মানিত আমিরে জামায়াতের এক্স (টুইটার) অ্যাকাউন্টে হামলা করা হয়। এরই ধারাবাহিকতায় ষড়যন্ত্রকারী দুর্বৃত্তরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স (টুইটার) আইডি হ্যাক করেছে।

তিনি আরো বলেন, দুষ্কৃতিকারীরা রাত ৮টা ৩১ মিনিটের দিকে অ্যাকাউন্টটিতে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে একটি পোস্ট দেয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসার সঙ্গে সঙ্গে তা ডিলিট করা হয়। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জুবায়ের বলেন, দুষ্কৃতিকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই তাদের পরিচয় জাতির সামনে উন্মোচিত হবে। যারা এমন গুরুতর অপরাধে লিপ্ত, তারা যতই ক্ষমতাধর হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...