ব্র্যাকসহ ১১ প্রতিষ্ঠানে অনুদানে মিলবে করছাড়

অর্থনৈতিক রিপোর্টার

ব্র্যাকসহ ১১ প্রতিষ্ঠানে অনুদানে মিলবে করছাড়

এনজিও প্রতিষ্ঠান ব্র্যাকে অনুদান দিলেও মিলবে করছাড় সুবিধা। আগামী অর্থবছর থেকে যে কয়টি প্রতিষ্ঠানে দান বা অনুদানে করছাড়ের সুবিধা দেওয়া হয়েছে তারমধ্যে ব্র্যাকও রয়েছে।

ব্র্যাক ছাড়া আরও যেসব প্রতিষ্ঠানে দানের ক্ষেত্রে ছাড়পত্র সুবিধা পাওয়া যাবে সেগুলো হলো- বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট, এএসএইচআইসি, ফাউন্ডেশন ফর চিলড্রেন ক্যানসার, আল-মারকাজুল ইসলামী, ডিজেবলড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ), শেরপুর ডায়াবেটিক সমিতি, মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকা এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।

বিজ্ঞাপন

শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে দান ও অনুদানে কর রেয়াত দেওয়া হয়েছে। আয়কর আইন, ২০২৩-এর ক্ষমতাবলে ওই আইনের ৭৬-এর উপধারা (১) অনুসারে এ সুবিধা দিয়েছে সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে।

গত বছরের মে মাসে ৯ প্রতিষ্ঠানের ক্ষেত্রেও করছাড় সুবিধা দিয়েছিল এনবিআর। এসব প্রতিষ্ঠানে দানের ক্ষেত্রেও ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত সুবিধা পাওয়া যাবে।

এসব প্রতিষ্ঠান হলো-বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, রোগীকল্যাণ সমিতি, বাংলাদেশ জাতীয় বধির সংস্থা, গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকা আহছানিয়া মিশন, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ ও আগামী এডুকেশন ফাউন্ডেশন।

কিভাবে মিলবে এ করছাড়: কোনো ব্যক্তি করদাতা এসব প্রতিষ্ঠানে অনুদান দিলে সেই প্রতিষ্ঠানের কাছ থেকে অবশ্যই রসিদ বা দান গ্রহণের আনুষ্ঠানিক প্রমাণপত্র সংগ্রহ করতে হবে। বার্ষিক আয়কর রিটার্ন দাখিলের সময় ওই দানের তথ্য উল্লেখ করতে হবে এবং সাথে দান করার প্রমাণপত্র জমা দিতে হবে।

কিভাবে হিসাব: ধরুন একজন ব্যক্তি এসব প্রতিষ্ঠানের যেকোনো একটিতে ১ লাখ টাকা দান বা অনুদান দিলেন; তাহলে কিভাবে এটির হিসাব হবে? যদি ১ লাখ টাকা কেউ দান করে তাহলে পুরো ১ লাখ টাকাই আয়কর থেকে সরাসরি ছাড় পাওয়া যাবে না। দানের ওই ১ লাখ টাকা আয় থেকে কমিয়ে বাকী টাকার ওপর করের হিসাব করা হবে। ধরা যাক, ওই ব্যক্তির বার্ষিক করযোগ্য আয় ১০ লাখ টাকা এবং করের হার ১০%। ১ লাখ টাকা দান করার পর করযোগ্য আয় হবে ৯ লাখ টাকা (১০ লাখ - ১ লাখ)। এখন ৯ লাখ টাকার ওপর ১০% হারে কর দিতে হবে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...