গাজীপুরের টঙ্গীতে হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ এবং উচ্ছেদকৃতদের পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি উড়ালসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেছেন বস্তিবাসী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বস্তিবাসীরা এই কর্মসূচি পালন করেন।
সকালে হাজী মাজার বস্তি প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টঙ্গী বাজার ও স্টেশন রোড এলাকা প্রদক্ষিণ করে বিআরটি ফ্লাইওভারের টঙ্গী বাজার অংশে গিয়ে অবস্থান নেয়।
প্রায় আধা ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরুদ্ধ থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
বিক্ষোভকারীদের অভিযোগ, গুটিকয়েক মাদক ব্যবসায়ীর অনৈতিক অপকর্মের দায় পুরো সাধারণ বস্তিবাসীর ওপর চাপিয়ে তাদের অন্যায়ভাবে উচ্ছেদ করা হয়েছে। কোনো প্রকার বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ প্রক্রিয়া মেনে নেওয়া যায় না। দ্রুত পুনর্বাসনের সুব্যবস্থা না হওয়া পর্যন্ত বর্তমান স্থানেই তাদের বসবাসের সুযোগ দেওয়ার জোরালো দাবি জানান তারা।
পরবর্তীতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের আশ্বাসে বস্তিবাসীরা মহাসড়ক থেকে সরে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুল রহমান বলেন, হাজী মাজার বস্তির সুনির্দিষ্ট চিহ্নিত মাদকের আস্তানা ছাড়া সাধারণ কোনো বস্তিঘর উচ্ছেদ করা হবে না। বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বস্তিবাসী মহাসড়কে অবস্থান নিয়েছিলেন, আমরা তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

