গুপ্ত ও নিষিদ্ধ সংগঠন সম্পর্কে সতর্ক থাকতে বললেন পটিয়ার এমপি এনাম

গুপ্ত ও নিষিদ্ধ সংগঠন সম্পর্কে সতর্ক থাকতে বললেন পটিয়ার এমপি এনাম

গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার ও গুজব সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, সার নিয়ে গুপ্ত সংগঠনগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। গ্যাস ও বিদ্যুৎ নিয়েও তারা নানা ধরনের গুজব ছড়াচ্ছে। নিষিদ্ধ সংগঠনের কেউ কেউ গুজব ছড়িয়ে উসকানি দেওয়ার চেষ্টা করছে। এসব অপপ্রচারকারীর সঙ্গে যেন কেউ কোনো ধরনের সম্পর্ক না রাখে। যারা উসকানি ছড়াবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

শনিবার দুপুরে চট্টগ্রামের পটিয়ায় মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের উদ্যোগে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক এনাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামের প্রান্তিক কৃষকদের সুবিধার জন্য কৃষক কার্ড দিচ্ছেন। এলাকায় যেসব কৃষকের নিজস্ব জমি নেই, তারা সড়কের পাশের খালি জায়গায় শাকসবজি চাষ করতে পারেন। এ ছাড়া যেসব অনাবাদি জমি রয়েছে, সেগুলোতেও চাষাবাদ করা সম্ভব। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে ২৫০ জন কৃষকের মাঝে টমেটো, মুলা, কুমড়া, লালশাক ও মরিচের বীজ এবং জনপ্রতি দুই কেজি করে সার বিতরণ করা হয়।

মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন ও সাইফুদ্দীন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য মাহবুবুর রহমান ও মো. ইসমাইল প্রমুখ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন