চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ও সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত ডাবা (শুটার) হারুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান।
পুলিশ জানায়, ডাবা হারুণ কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পুলিশের ভাষ্য, ডাবা হারুণ চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে এলাকায় পরিচিত এবং তার হয়ে শুটারের কাজ করতেন।
পুলিশ আরো জানায়, ডেভিড ইমনের সহযোগীদের ধরতে চলমান অভিযানের অংশ হিসেবে ডাবা হারুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে ডেভিড ইমনের সঙ্গে তার সম্পৃক্ততা এবং সাম্প্রতিক বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে তার ভূমিকা সম্পর্কে তথ্য নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এর আগে শুক্রবার দিবাগত রাতে ফটিকছড়ি থেকে ডেভিড ইমনের আরেক সহযোগী হিসেবে পরিচিত পেস্তার মোবারককে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম। তিনি জানান, অভিযান চলমান রয়েছে। ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর তার সহযোগীদের ধরতে জেলা পুলিশ অভিযান জোরদার করেছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-017725-720x405.webp)