যুক্তরাষ্ট্র শুরু থেকেই বাংলাদেশ রেলওয়ের অংশীদার: সৈয়দপুরে মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র শুরু থেকেই বাংলাদেশ রেলওয়ের অংশীদার: সৈয়দপুরে মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র শুরুর দিক থেকেই বাংলাদেশ রেলওয়ের সঙ্গে যুক্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, আজকে ট্রেনের যে লোকোমোটিভ বা ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে, তা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রোগ্রেস রেলের তৈরি। যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে কাজ করে আসছে এবং দারুণ প্রযুক্তি ও চমৎকার প্রকৌশল সেবা দিয়ে আসছে।

মঙ্গলবার বিকালে নীলফামারী সৈয়দপুর রেলওয়ে স্টেশনে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আমি দেখলাম যুক্তরাষ্ট্রের সেই প্রযুক্তি এবং আমেরিকান লোকোমোটিভগুলো, যেগুলো বছরের পর বছর ধরে সেবা দিয়ে আসছে এবং এখনও বাংলাদেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অংশীদারত্ব প্রসঙ্গে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, আমাদের এই অংশীদারত্বের মূল বিষয়ই হলো যুক্তরাষ্ট্রের চমৎকার প্রযুক্তি, আমাদের হস্তশিল্প এবং এর সঙ্গে বাংলাদেশিদের দক্ষতা ও নিষ্ঠার সমন্বয়। প্রোগ্রেস রেল, ওয়েবটেকসহ আরও অনেক সেরা আমেরিকান প্রতিষ্ঠান রয়েছে, যারা ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে এই অংশীদারত্ব অব্যাহত রাখতে অত্যন্ত আগ্রহী।

পরে তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানা, ঐতিহাসিক চিনি মসজিদ ও সৈয়দপুর খ্রিষ্টান চার্চসহ স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী মিস এনগক ডিন ডাও, মার্কিন দূতাবাসের কর্মকর্তা মিস নিকোল ক্ল্যারিসা বেসনার্ড, মার্কিন দূতাবাসের কর্মকর্তা মি. সৈয়দ ফাইজুস সালেহিন এবং মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিশেষজ্ঞ মি. ফিরোজ আহমেদ।

এ সময় নীলফামারী জেলার অতিরিক্ত প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনিম আওন, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওহিদুর নবী, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক ( ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ, ডাব্লু এম মমতাজুল ইসলাম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা, সৈয়দপুর থানা ও রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকে সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা এলাকায় অবস্থিত লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে সকাল ১১টার দিকে দিনাজপুরের কান্তজিউ মন্দির ও নয়াবাদ মসজিদ এবং দুপুর ১টার দিকে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন করেন। সেখান থেকে বিকেল ৩টায় মার্কিন রাষ্ট্রদূত রেলপথে পার্বতীপুর থেকে প্রেসিডেন্ট সেলুন কোচে (বগি নম্বর ১২৬৫) করে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘর পরিদর্শনে আসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন