দেশের বিভিন্ন জেলায় চলমান অতিবর্ষণ ও ক্রমবর্ধমান বন্যা পরিস্থিতির আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।
বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, নেত্রকোণা, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে কৃষকের ফসলি জমি, গবাদি পশু, হাঁস-মুরগি এবং সাধারণ মানুষের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমি এসব জেলায় অতিবর্ষণ ও ক্রমবর্ধমান বন্যা পরিস্থিতির আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।
তিনি আরও বলেন, দুর্গত এলাকার রাস্তাঘাট ও চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে পানি প্রবেশ করায় পরীক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে। তাদের নিরাপদ যাতায়াত ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
গোলাম পরওয়ার বলেন, সরকার যদি পূর্ব থেকেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধসমূহ যথাযথভাবে সংরক্ষণ ও সংস্কার করত, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমানো সম্ভব হতো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও কার্যকর প্রস্তুতির অভাবে আজ সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
তিনি অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, চিকিৎসাসেবা ও আশ্রয়ের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধসমূহ দ্রুত সংস্কার ও টেকসইভাবে রক্ষণাবেক্ষণের জন্য দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে জনগণকে এমন দুর্ভোগের শিকার হতে না হয়।
তিনি দেশবাসী, সামাজিক সংগঠন ও বিত্তবানদের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং দুর্গত মানুষের সার্বিক কল্যাণ কামনা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

