নাটোর শহরের দক্ষিণ বড়গাছা মহল্লায় প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় সাবেক স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন সোমবার দুপুরে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো. রাজু প্রামাণিক (২৫) শহরের দক্ষিণ বড়গাছা মহল্লার মো. সুজন প্রামাণিকের ছেলে।
মামলার বাদী মোছা. চামেলী বেগম জানান, ঘটনার ৫ বছর আগে তার বড় মেয়ে মিম খাতুনের সঙ্গে আসামির পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের ৫ বছরের মাথায় আসামি তার মেয়েকে তালাক দেন। পরে আসামি অন্যত্র বিয়ে করেছেন শুনে তিনি তার মেয়েকেও অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামি রাজু প্রামাণিক ২০২২ সালের ২৯ জানুয়ারি সকালবেলা মিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় বাধা দিতে এলে ছোট মেয়ে মনীষা খাতুনকেও কুপিয়ে জখম করেন তিনি।
তাদেরকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিম খাতুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই দিন বাদী নাটোর থানায় মামলা দায়ের করেন তিনি।
নাটোরের পিপি রুহুল আমিন তালুকদার টগর রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-2eaac9.jpg)