৫ মে কোনো ব্যর্থতা নয়, বরং এটি ছিল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
মঙ্গলবার শাপলা চত্বর হত্যা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের আকরাম খান হলে সুশীল ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের হত্যাকান্ডের ঘটনা দেশের ইতিহাসে একটি নতুন দ্বার উন্মোচন করেছে বলেও মন্তব্য করেন বাংলাদেশ জাময়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন ঘটনার মাধ্যমে তাদের রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছে। ৫ মে শাপলা চত্বরে আওয়ামী সরকারের নৃশংস হত্যাকান্ড দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
সুশীল ফোরামের সভাপতি মো. জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান এবং মো. কামাল হোসেন।
মেজর আজ্জারুজ্জামান বলেন, ৫ মে বাংলাদেশের ইতিহাসে একটি নতুন দ্বার উন্মোচন করেছে। সঠিক নেতৃত্বের অভাবে সেদিন বিজয়ের সম্ভাবনা বাধাগ্রস্ত হলেও আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
এছাড়াও বক্তব্য দেন অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, আলতাফ উদ্দিন মোল্লা এবং অধ্যাপক নূর নবী মানিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশীল ফোরামের সহ-সভাপতি এস এম শহীদুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সুশীল ফোরামের সিনিয়র সহ-সভাপতি ডা. আল হাসান মোবারক, সেক্রেটারি ফজলুল করিম শামীম, সহ-সভাপতি আবুল হাসনাত মো. আমিন, মো. আবু আক্তার, ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, জবা ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতা।
আলোচনা সভায় বক্তারা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এলআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

