কিরগিজ প্রজাতন্ত্রে আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ৬ষ্ঠ ‘বিশ্ব নোমেডিক গেমস’-এর ফোক গান প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন প্রখ্যাত লালনশিল্পী সূচনা শেলী। আন্তর্জাতিক এই মর্যাদাপূর্ণ মঞ্চে বাংলাদেশের লোকসংগীত ও মরমি সাধনার ঐতিহ্য তুলে ধরবেন তিনি। তাঁর সঙ্গে এই আয়োজনে অংশ নেবে তাঁর ব্যান্ড দল ‘দিব্যজ্ঞানী’।
এর আগে ২০২৫ সালে কিরগিজস্তানে আয়োজিত এক আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের শতাধিক দেশের শিল্পীদের পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন সূচনা শেলী। সেই ধারাবাহিকতায় এবার আরও বড় আন্তর্জাতিক পরিসরে লালন শাহ, ভবা পাগলা, মনমোহন দত্ত, হাসন রাজা, শাহ আবদুল করিম ও মাতাল রাজ্জাক দেওয়ানের মানবতাবাদী গান ও দর্শন পরিবেশন করবেন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে দেশকে প্রতিনিধিত্ব করা প্রসঙ্গে সূচনা শেলী বলেন, “বাংলাদেশের লোকসংগীতের সঙ্গে জড়িয়ে আছে আমাদের মানুষের জীবন ও আত্মঅনুসন্ধানের দীর্ঘ ঐতিহ্য। কিরগিজস্তানে বিগত বছরের সাফল্য আমাকে অনুপ্রাণিত করেছে। এবারের আসরেও বাংলাদেশের পতাকা এবং লালন ও মরমি সাধকদের দর্শনকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”
সংগীতকে বৈশ্বিক সেতু হিসেবে বর্ণনা করে সূচনা শেলী বিশ্বাস করেন, গান সীমানা ছাড়িয়ে বিভিন্ন দেশের মানুষের হৃদয়ে আত্মিক মেলবন্ধন তৈরি করতে পারে। ১ থেকে ৬ সেপ্টেম্বরের এই বিশ্বমঞ্চে ‘দিব্যজ্ঞানী’র সুরে সূচনা শেলীর পরিবেশনা বাংলার সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

