শাহরাস্তিতে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু

শাহরাস্তিতে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু
ডা. জয়ন্ত মালাকার বামে । মৃত রোগীর আত্মীয় অভিযোগ দিচ্ছেন পুলিশের কাছে ডানে। ছবি: আমার দেশ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনেরা। শুক্রবার রাত ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে ওই রোগীর মৃত্যু ঘটে।

জানা গেছে, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা বাজার ইউনিয়নের জামালপুর গ্রামের শেখের বাড়ির আক্তার হোসেনের স্ত্রী হাজেরা বেগম (৪২) বৃহস্পতিবার সন্ধ্যা ৮টায় লিভারের সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

বিজ্ঞাপন

শুক্রবার রাত ১১টার দিকে ওই রোগীর অবস্থা সংকটাপন্ন হলে দায়িত্বরত চিকিৎসক ডা. প্রিয়াংকাকে দেখার অনুরোধ করেন রোগীর স্বামী আক্তার হোসেন। ওই সময় কর্তব্যরত চিকিৎসক রোগী না দেখে তার কক্ষে মোবাইল স্ক্রলিং করতে থাকেন। রোগীর স্বজনদের অনুরোধের পরিপ্রেক্ষিতে রোগীকে বেড থেকে কাঁধে করে তার কক্ষে নিয়ে আসার নির্দেশ দেন চিকিৎসক।

ওই রোগীর স্বামী একার পক্ষে রোগীকে ডাক্তারের কক্ষে আনা সম্ভব নয় জানালে ডাক্তার রোগীকে অক্সিজেন দেওয়ার পরামর্শ দেন। এরপর রাত ১২টায় যথাযথ চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু ঘটে। হাজেরা বেগমের মৃত্যুর পর স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। তারা কর্তব্যরত চিকিৎসককে দায়ী করে প্রতিবাদ জানান। সংবাদ পেয়ে শাহরাস্তি থানার পুলিশ হাসপাতালে ছুটে আসেন।

রোগীর স্বামী আক্তার হোসেন জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। ডাক্তারকে বারবার অনুরোধ করার পরও তিনি রোগীকে দেখতে না এসে নিজ কক্ষে মোবাইল ফোন টিপছিলেন। তিনি রোগী দেখে চিকিৎসা দিলে এ ঘটনা ঘটত না। তিনি কর্তব্যরত ডাক্তারের শাস্তি দাবি করেন।

অভিযুক্ত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কার বক্তব্য নিতে গেলে হাসপাতালের কার্ডিওলজি কনসালট্যান্ট ডা. জয়ন্ত মালাকার নিজেকে একজন ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে রয়েছেন দাবি করে সাংবাদিকদের বক্তব্য নিতে বাধা দেন।

ডাক্তারের কর্তব্যে অবহেলা এবং রোগীর স্বজনদের অভিযোগে চিকিৎসকের সব দায় তিনি নেবেন এবং অভিযুক্ত চিকিৎসকের পক্ষ থেকে তিনি সব ধরনের বক্তব্য দেবেন বলে জানান। কথোপকথনের একপর্যায়ে তিনি জানান, এই রোগীর আইসিউ সাপোর্ট প্রয়োজন ছিল। লিভারের জটিল রোগের চিকিৎসা এখানে সম্ভব নয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল মুঠোফোনে জানান, কর্তব্যে অবহেলার বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন