আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ এবং নগরবাসীর কল্যাণে যোগ্য, সৎ ও জনমুখী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির দপ্তর সম্পাদক আসিফ উদ্দিন সম্রাটের দেওয়া এক বার্তায় এই আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, জনগণের প্রত্যাশা ও নগরবাসীর কল্যাণে যোগ্য, সৎ ও জনমুখী নেতৃত্ব গড়ে তুলতে এনসিপি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে এবং ২৫টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে যোগাযোগ করার জন্য আহ্বান করা হচ্ছে।’
এনসিপি বলেছে, নগর পরিচালনায় দক্ষ, সৎ ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত নেতৃত্বই একটি আধুনিক, বাসযোগ্য ও জবাবদিহিমূলক শহর গঠনে প্রতিজ্ঞাবদ্ধ। সেই লক্ষ্যেই তৃণমূল থেকে জনপ্রিয়, পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী এবং জনসেবায় নিবেদিত ব্যক্তিদের সামনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
প্রার্থী হিসেবে আগ্রহী ব্যক্তিদের কিছু গুণ ও যোগ্যতা থাকা বাঞ্ছনীয় বলে বার্তায় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতা; সৎ, স্বচ্ছ ও দায়িত্বশীল নেতৃত্বের মানসিকতা; নিজ নিজ ওয়ার্ডে সামাজিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা; নগর সমস্যা ও নাগরিক সেবার বিষয়ে সুস্পষ্ট ধারণা ও কাজ করার আগ্রহ।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যসহ সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে কাজের পরিকল্পনা জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে এনসিপি। যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে বলে জানিয়েছে দলটি।
বিস্তারিত তথ্য ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহী প্রার্থীদের ই-মেইল: info. joinncp@gmail. com ও হটলাইন নম্বর: +৮৮০১৩২১২১৪২১৪-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

