মিরসরাইয়ে ১৬ চোরাই মোবাইলসহ চক্রের সদস্য গ্রেপ্তার

মিরসরাইয়ে ১৬ চোরাই মোবাইলসহ চক্রের সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ১৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই মোবাইল কেনাবেচা চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তার মো. ছাদেক (৩৮) সিলেটের শাহপরান (র.) থানার হতুরা চুয়াবহর বটেশ্বর এলাকার মো. কুতুব আলীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার (২৬ আগস্ট ২০২৬) রাত ১২টার দিকে মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে ছাদেককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মডেলের ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ছাদেক দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে অবৈধভাবে চোরাই মোবাইল কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, চোরাই মোবাইল কেনাবেচা ও ছিনতাই চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রযুক্তিনির্ভর তথ্য ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে চক্রের সদস্যদের শনাক্ত করা হচ্ছে।

তিনি আরো জানান, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত চলছে। এই চক্রের মূল হোতাসহ জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

চোরাই মোবাইল উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান, চেকপোস্ট তল্লাশি ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন