কর্মশালায় বক্তারা

নিরাপদ অভিবাসনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

নিরাপদ অভিবাসনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ
চট্টগ্রামে ‘নিরাপদ অভিবাসনে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক কর্মশালায় অতিথিরা। ছবি: আমার দেশ

চট্টগ্রামে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে গণমাধ্যমকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেছেন, সঠিক তথ্যের অভাব, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার ঘাটতি, কাগজপত্র যাচাই না করে বিদেশে যাওয়া এবং প্রয়োজনীয় ভাষাজ্ঞান না থাকায় অনেক অভিবাসী নানা ধরনের বিপদের মুখে পড়ছেন।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের মিলনায়তনে ‘নিরাপদ অভিবাসনে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রত্যাশী ও স্ট্রেংদেন্ড অ্যান্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় চট্টগ্রাম জেলায় কর্মরত গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন, বিদেশে যাওয়ার আগে অভিবাসীদের নিয়োগদাতা প্রতিষ্ঠান, চাকরির চুক্তিপত্র ও অন্যান্য কাগজপত্র যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে যে দেশে যাচ্ছেন, সে দেশের ভাষা ও আইন-কানুন সম্পর্কে ধারণা থাকা জরুরি। কিন্তু অনেকেই পর্যাপ্ত তথ্য ও প্রস্তুতি ছাড়াই বিদেশে পাড়ি জমান। ফলে কর্মস্থলে গিয়ে প্রতারণা, হয়রানি ও নানা ধরনের সমস্যার শিকার হন।

তারা আরও বলেন, বিদেশ থেকে ফেরত আসার পর পুনর্বাসনের বিষয়টিও অভিবাসীদের আগে থেকেই পরিকল্পনায় রাখা প্রয়োজন। দেশে ফিরে কর্মসংস্থান বা আয়-রোজগারের সুযোগ তৈরিতে যথাযথ পরিকল্পনা না থাকায় অনেক ফেরত আসা অভিবাসী নতুন করে সংকটে পড়েন।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ বিদেশে কর্মসংস্থানের জন্য গেছেন। প্রায় ১ কোটি ৫০ লাখ বাংলাদেশি অভিবাসী বিভিন্ন দেশে অবস্থান করছেন। নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে তাদের সঠিক তথ্য দেওয়া এবং সচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। মূল আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল হক।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম।

কর্মশালায় নিরাপদ অভিবাসন, অভিবাসীদের অধিকার, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং অভিবাসন-সংক্রান্ত তথ্য গণমাধ্যমে তুলে ধরার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন