প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিনা খরচে অসহায় পরিবার থেকে শ্রমিক বিদেশ পাঠাতে আমাদের নির্দেশনা দিয়েছেন। মালয়েশিয়া সরকার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ১০ হাজার ভিসা গিফট করেছেন। আমরাও শ্রমিকের মেডিকেল, প্লেন ভাড়াসহ যাবতীয় খরচ বহন করব।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ"শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন,এ এলাকার তরুণরা লিবিয়া হয়ে সাগর পথে ইউরোপে যেতে গিয়ে লাশ হয়ে ফিরছে। নিহতদের পরিবার থেকেও বিনা খরচে দক্ষ করে বিদেশ পাঠানো হবে।
তিনি আরও বলেন, এ অঞ্চলের মানুষ বিদেশে যেতে ইচ্ছুক। তবে সেটি অবৈধ পথে নয়, বৈধ পথে যেতে হবে। এজন্য তরুণদের দক্ষ করে গড়ে তুলতে জেলার ট্রেনিং সেন্টার অচিরেই খোলা হবে। এছাড়া ভাষা শিখতে জেলার ৫টি নির্বাচনী এলাকায় ৫টি সেন্টার শিগগির খোলা হবে। তবে অবকাঠামো নির্মাণ, টেন্ডার, টাকা বরাদ্দ করতে সময় লাগবে। আমরা সময়ের দিকে না তাকিয়ে যেখানে পরিত্যক্ত ভবন, স্কুল, মাদ্রাসা আছে সেখানেই আপাতত শিক্ষক নিয়োগ করে ভাষা কোর্সের প্রশিক্ষণ শুরু করব। এতে তরুণদের আগ্রহ সৃষ্টি করতে হবে। নতুবা কোটি কোটি টাকা খরচ করে লাভ নেই।
দালাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, সুনামগঞ্জের তরুণরা দালালের মাধ্যমে লিবিয়া হয়ে সাগর পথে ইউরোপে যেতে গিয়ে লাশ হয়ে ফিরছে। কিন্তু দালালের বিচার হচ্ছে না। আগামী এক সপ্তাহের মধ্যে দালচক্রের ডাটা আমার কাছে পাঠান। দালাল বিদেশে থাকলেও তাকে ধরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদ সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ ও যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিল্লুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন । এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

