ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যসহ ৪ হাজার জনের এনসিপিতে যোগদান

স্টাফ রিপোর্টার

ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যসহ ৪ হাজার জনের এনসিপিতে যোগদান

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান, ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ এইচ আরিফ ও ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যসহ ৪ হাজার জন।

মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যোগদান করেন তারা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, মোহাম্মদ নাদিমুর রহমান তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তাই তিনি সশরীরে উপস্থিত হতে পারেননি। তবে অনলাইনে যুক্ত রয়েছেন। ওয়ারিয়র্স অব জুলাইয়ের প্রায় চার হাজার সদস্য এনসিপিতে যোগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

এদিন এনসিপিতে আরো যোগ দেন গাজীপুরের শিক্ষানুরাগী এবিএস আরিফ, জুলাইয়ের আহত যোদ্ধাদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাইয়ের সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান, সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজী প্রমুখ।

এনসিপিতে যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও জুলাইয়ের মুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকরা। এরই ধারাবাহিকতায় এনসিপিতে এবার যোগ দিয়েছেন তারা।

এসময় উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ, মুখ্য সংগঠক সারজিস আলম ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।

এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেন, স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে বিএনপি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে।

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে—এ বছরের মধ্যে স্থানীয় নির্বাচন দেওয়া সম্ভব নয়। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাও একই কথা বলেছেন। তাদের বক্তব্য অনুযায়ী মনে হচ্ছে, তারা নির্বাচন পিছিয়ে ২০২৭ সালের ডিসেম্বরে নিতে চায়।

তিনি বলেন, বর্তমানে উপজেলা পর্যায়ে কোনো নির্বাচিত চেয়ারম্যান নেই। তারা আবার ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। আমরা শুনছি তারা জেলা পরিষদ বিলুপ্ত করার চিন্তা করছে। জনগণের অধিকার কুক্ষিগত করে অপশাসন কায়েমের চেষ্টা করলে তা তাদের জন্য হিতে বিপরীত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন