গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যুব সংগঠন জাতীয় যুবশক্তি-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং আমার দেশ-এর সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহকে ঘিরে তার পরিবারের পক্ষ থেকে ষড়যন্ত্র ও হয়রানির গুরুতর অভিযোগ তোলা হয়েছে। পরিবারের দাবি, এটি কোনো সাধারণ আইনগত প্রক্রিয়া নয়; বরং পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র ও হয়রানির অংশ।
আসাদুল্লাহর স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গত শুক্রবার পুলিশ কোনো পূর্ব নোটিশ ছাড়াই তার স্বামীকে তুলে নিয়ে যায়। তিনি অভিযোগ করেন, একটি পুরোনো মামলাকে ইচ্ছাকৃতভাবে সামনে এনে গ্রেপ্তার দেখানো হয়েছে, যাতে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করা যায়। তার ভাষায়, “এটা পারিবারিক ও রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলা। আমরা ন্যায়বিচার চাই এবং তার দ্রুত মুক্তি দাবি করছি।”
পরিবার জানায়, নির্বাচনের পরদিন রাতে স্থানীয় কয়েকজন রাজনৈতিক কর্মী তাদের বাড়িতে গিয়ে আসাদুল্লাহ ও তার বাবার গায়ে রং মাখিয়ে দেয়। এতে বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। পরিবারের অভিযোগ, এই ঘটনার প্রতিবাদ করায় প্রতিশোধ হিসেবে পুলিশ ডেকে এনে পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার করানো হয়েছে।
আসাদুল্লাহর স্বজনদের আরো দাবি, তার বোন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়ার পর স্থানীয় ক্ষমতাসীন দলের প্রভাবশালী কয়েকজন নেতা আসাদুল্লাহর বৃদ্ধ পিতাকে হুমকি-ধমকি দেন। এতে পরিবারের সবাই চরম আতঙ্কে রয়েছেন এবং নিজেদের জীবন ও নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, আসাদুল্লাহ একজন কর্মরত সাংবাদিক ও রাজনৈতিক সংগঠক হওয়ায় বিভিন্ন সময় তিনি অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে কথা বলেছেন। এ কারণেই একটি মহল তাকে টার্গেট করে দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছে।
এদিকে পুলিশ জানায়, ২০২৪ সালের একটি চেক ডিজঅনার মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন এবং ওয়ারেন্টভুক্ত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়ারেন্ট থাকলেও দীর্ঘদিন কেন তা তামিল করা হয়নি, সে বিষয়ে পুলিশ কোন সদুত্তর দিতে পারেনি। পরিবারের দাবি, আইনি প্রক্রিয়ার আড়ালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি করা হচ্ছে।
সর্বশেষ তথ্যে জানা গেছে, আসাদুল্লাহ বর্তমানে পাবনা জেলা কারাগারে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে তার নিরাপত্তা নিশ্চিত করা, হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং দ্রুত ন্যায়বিচার পাওয়ার দাবি জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

