ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করা যায় কিংবা এগিয়ে আছেন, সেটি দেখানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে লাইভে এসে এ অভিযোগ করেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, আমরা ইতোমধ্যে দেখেছি বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী তিনি সরাসরি একটা কেন্দ্রে দাঁড়িয়ে ভোট গণনা দিচ্ছেন। পরবর্তীতে আমরা খুঁজে জানতে পেরেছি যে সেই কেন্দ্রে মির্জা আব্বাস বিপুল ভোটে পিছিয়ে থাকায় সেখানে তিনি সাতবার ভোট গণনা করিয়েছেন। তিনি সেখানে উপস্থিত থেকে সাতবার ভোট গণনা করিয়েছেন যাতে মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করা যায় কিংবা তিনি এগিয়ে আছেন সেরকমটা দেখানো যায়।
তিনি বলেন, আমরা কোনোভাবেই এ ধরনের কার্যক্রমকে মেনে নিব না। আমরা দেখছি যেসব কেন্দ্রে ইতোমধ্যে তারা অনেক পিছিয়ে আছে, সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা গিয়ে কেন্দ্রগুলোতে ফলাফল মেনে নেবেন না বলে তারা ঘোষণা দিচ্ছেন। তারা প্রিজাইডিং কর্মকর্তাদেরকে চাপ প্রয়োগ করছেন।
আসিফ বলেন, 'আমরা এ অভিযোগ পেয়েছি যে প্রিজাইডিং কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়ে এবং ইসির মৌখিক আদেশে তারা মার্কার বক্সের বাইরে যে ভোটগুলো পড়েছে যেগুলো সাধারণত ডিফল্ট (ত্রুটিপূর্ণ) ভোট হওয়ার কথা, সেগুলো বাদ করার কথা, সেগুলো তারা এক ধরনের মৌখিক নির্দেশে বিএনপির পক্ষে ধানের শীষের পক্ষে গণনা করছেন।
ফলাফল কারচুপির চেষ্টা চলছে অভিযোগ করে আসিফ বলেন, যেহেতু ভোট কেন্দ্র দখল করতে পারেনি, ভোট কারচুপি করতে পারেনি, এখন তারা ফলাফল প্রভাবিত করার মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়ার এক ধরনের চেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, আমরা অবজার্ভ (পর্যবেক্ষণ) করছিলাম যে ভোট গণনা কীভাবে হচ্ছে। আমরা ভোট গ্রহণে কয়েকটি জায়গায় অনিয়ম হলেও সার্বিকভাবে সেটা মেনে নিয়েছি। কিন্তু ভোট গ্রহণের পরে যখন ভোট গণনা শুরু হয়, তখন একটি দল দেখতে পায় যে তারা বিভিন্ন কেন্দ্রে হারছেন এবং পিছিয়ে আছেন। তখন তারা ফলাফল কারচুপি করার কিংবা ফলাফলকে প্রভাবিত করার ষড়যন্ত্রে মেতে উঠেছেন।
ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক পোস্টে বলেছেন, ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, সবাই সতর্ক থাকুন। নিজেদের ভোটকেন্দ্র পাহারা দিতে যারা এখনো আসেননি, এগিয়ে আসুন।
এই পোস্ট ফেসবুক নিজের ভেরিফায়েড পেজে শেয়ার করে এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১১দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, সবাই ঢাকা -৮তে আসুন। ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার্থে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

