এনসিপি থেকে ফারাহার পদত্যাগ

কুমিল্লা প্রতিনিধি

এনসিপি থেকে ফারাহার পদত্যাগ
ছবি: এনসিপি নেত্রী ফারহা এমদাদ

এনসিপির সাথে আমার পথচলা এখানেই শেষ বলে পদ ছাড়লেন এনসিপির কেন্দ্রীয় নেতা ফারাহা এমদাদ। জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটিতে ‘সংগঠক’ পদে ‘সম্মতি ও অবগত’ করা ছাড়াই অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

কমিটির ঘোষণার দিন বিকেলে শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে এ পদ ছাড়েন তিনি। এছাড়াও তিনি সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ফারহা এমদাদ তার ব্যক্তিগত ফেসবুকে একটি পদত্যাগপত্র শেয়ার করে ক্যাপশনে লেখেন, এনসিপির সাথে আমার পথচলা এখানেই শেষ, আমি এনসিপির সাথে যুক্ত থাকাকালে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন।

জানা গেছে, আজ দুপুরে ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় সংগঠক হিসেবে একটি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় ফারাহা এমদাদকে। তবে এ বিষয়ে পূর্বানুমতি না নেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

জাতীয় নাগরিক পার্টি ও নারীশক্তির কেন্দ্রীয় আহবায়ক ও সভাপতির বরাবর পাঠানো পদত্যাগ পত্রে ফারাহা এমদাদ উল্লেখ করেছেন, আমি বিনীতভাবে জানাচ্ছি যে, আমি আজ ১৮ এপ্রিল বিজ্ঞপ্তিতে জাতীয় নারীশক্তি কেন্দ্রীয় কমিটিতে ‘সংগঠক’ পদে আমাকে মনোনীত করা হয়েছে বলে অবগত হয়েছি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, এই পদ বা কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে আমার কোনো সম্মতি বা অবগত করা হয়নি। আমার পূর্ব অনুমতি ও সম্মতি ব্যতিরেকে আমাকে এমন একটি দায়িত্বে অন্তর্ভুক্ত করা অন্যায়। আমি গত কয়েক মাস যাবত জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কের দায়িত্ব সততার সাথে পালন করেছি। যা আমার কাছে পবিত্রতম দায়িত্ব মনে করে আমি পালন করেছি। বর্তমানে আমার মনে হচ্ছে আমি এই দায়িত্ব হতে অব্যাহতি নেওয়া অত্যান্ত প্রয়োজন। আমি এই মুহূর্তে জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক পদ এবং জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কের পদ হতে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করছি।

পদত্যাগের বিষয়ে ফারাহা এমদাদ বলেন, তার সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সম্মতি ছাড়াই তাকে নতুন এই কমিটিতে যুক্ত করা হয়েছে, যা অনৈতিক ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে আমি কেন্দ্রীয় নারী শক্তির সংগঠকের পদসহ মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে কুমিল্লা মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাউছার বলেন, মূলত জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটিতে সংগঠকের পদ দেওয়ায় ফারাহা এমদাদ অভিমান করে দুটি পদ থেকেই অব্যহতি চেয়েছেন। আমরা তাকে অনুরোধ জানিয়েছিলাম সে যেন এ সিদ্ধান্তের বিষয়ে পুন:বিচেনা করে, বাকিটা তার সিদ্ধান্ত।

প্রসঙ্গত, শনিবার দুুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী উইং ‘জাতীয় নারীশক্তির’ ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...