আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অবিলম্বে ‘সংস্কার পরিষদ’ ঘোষণা এবং রাষ্ট্রপতির অভিশংসন দাবি নাহিদ ইসলামের

স্টাফ রিপোর্টার

অবিলম্বে ‘সংস্কার পরিষদ’ ঘোষণা এবং রাষ্ট্রপতির অভিশংসন দাবি নাহিদ ইসলামের

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদের সব চিহ্ন মুছে ফেলার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, অবিলম্বে বর্তমান সংসদকে ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবে ঘোষণা করতে হবে এবং ফ্যাসিস্ট রাষ্ট্রপতির অভিশংসন নিশ্চিত করে তাকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে।

রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) জাতীয় যুবশক্তির ইফতার মাহফিলে নাহিদ ইসলাম এ কথা বলেন।

বিজ্ঞাপন

সংস্কার বাস্তবায়নে সংসদ অধিবেশনে সংস্কার পরিষদ গঠন করে শপথ নিতে হবে উল্লেখ করে সরকারের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের সকল অপকর্মকে বৈধতা দেয়া রাষ্ট্রপতিকে অভিশংসন করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

সংসদ অধিবেশন ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সংসদ হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতা। এই সংসদেই অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সব অধ্যাদেশ অনুমোদন করতে হবে। সরকার ও বিরোধী দল, সবাই এ বিষয়ে একমত হবে বলে আমরা আশা করি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন হাজারো ভাই-বোন। এই রক্তের ওপর দাঁড়িয়ে অন্য কোনো কথা হবে না। আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে শরীফ ওসমান হাদি হত্যার বিচার আমরা আদায় করেই ছাড়বো, ইনশাআল্লাহ।

যুবশক্তির ভূমিকা তুলে ধরে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যুবশক্তি সংগঠিত হচ্ছে, এই পরিধি আরও বাড়াতে হবে। রাজপথে বিচার ও সংস্কারের দাবিতে আমাদের অটল থাকতে হবে। এনসিপি সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালনের পাশাপাশি রাজপথেও সক্রিয় থাকবে। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন রাখবো না।

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যে সংস্কার ও নতুন বাংলাদেশের জন্য এত প্রাণ হারানো, কিন্তু নতুন সরকার শপথ নিয়েই আশাহত করেছে। প্রতারণার আশ্রয় না নিয়ে সরকারকে অবশ্যই জুলাই সংস্কার পরিষদের শপথ নেয়ার আহবান জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, যে রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের সকল অপকর্ম ও জুলাই আন্দোলনে বিপক্ষে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিলেন সেই রাষ্ট্রপতির ভাষণের মধ্যদিয়ে সংসদ শুরু হলে তা গ্রহণ যোগ্য হবে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন