মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে স্বর্ণের দোকান থেকে সুমন দে (৪৫) নামের এক কর্মচারীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার হাসাইল বাজারের অমিত সরকার গোবিন্দের স্বর্ণের দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সুমন দে টংগিবাড়ী উপজেলার পাইকপাড়া এলাকার মৃত নারায়ণ দের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই স্বর্ণের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি থেকে প্রতিদিন যাতায়াতে সমস্যা হওয়ায় সুমন নিয়মিত দোকানেই রাত কাটাতেন। সোমবার রাতেও তিনি দোকানে থেকে যান। রাত ৯টার দিকে দোকানের মালিক অমিত সরকার তাকে রেখে বাড়ি চলে যান। রাত ১১টার দিকে স্ত্রী স্বরসতী দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন সুমন।
মঙ্গলবার সকালে নির্ধারিত সময়ে দোকান না খোলায় পাশের দোকানদার মঞ্জু রায় সুমনের মোবাইলে ফোন করেন। ফোনে সাড়া না পেয়ে তিনি আশপাশের ব্যবসায়ীদের নিয়ে দোকানের সামনে যান। শাটারে ধাক্কা দিলে একপাশ খোলা দেখতে পান তারা।
খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা মালিক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কে বিষয়টি জানান। খবর পেয়ে টংগিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন, সুমনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

